তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৯ পিএম
ঢাকা মানসিক প্রশান্তি বা থেরাপির জন্য যারা মোবাইল অ্যাপের ওপর নির্ভর করছেন, তাদের জন্য ভয়াবহ দুঃসংবাদ। গুগল প্লে-স্টোরে থাকা জনপ্রিয় বেশ কিছু মানসিক স্বাস্থ্য অ্যাপে ১৫০০-এর বেশি নিরাপত্তা ঝুঁকি শনাক্ত করা হয়েছে। এসব অ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত থেরাপি কথোপকথন, মুড লগ এবং গোপনীয় চিকিৎসাসংক্রান্ত তথ্য ফাঁস করে দিতে পারে বলে সতর্ক করেছেন সাইবার নিরাপত্তা গবেষকরা।
১৪.৭ মিলিয়ন ব্যবহারকারীর ডেটা ঝুঁকির মুখে
সাইবার সিকিউরিটি কোম্পানি ‘ওভারসিকিউরড’-এর সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, এআই-ভিত্তিক (AI) থেরাপি চ্যাটবটসহ বেশ কিছু অ্যাপে মারাত্মক নিরাপত্তা ত্রুটি রয়েছে। গবেষণা অনুযায়ী, প্রায় ১৪.৭ মিলিয়নেরও বেশি মানুষ এসব অ্যাপ ডাউনলোড করেছেন। গবেষকরা একটি মাত্র অ্যাপেই ৮৫টির বেশি মাঝারি ও উচ্চ-ঝুঁকিপূর্ণ ত্রুটি খুঁজে পেয়েছেন।
আরও পড়ুন: সাবধান! একটি সেলফিই জানিয়ে দিতে পারে আপনার বাড়ির ঠিকানা
ডার্ক ওয়েবে উচ্চমূল্যে বিক্রি হচ্ছে তথ্য
ওভারসিকিউরডের প্রতিষ্ঠাতা সের্গেই তোশিন জানান, ডার্ক ওয়েবে একজন ব্যক্তির থেরাপি রেকর্ড গড়ে ১,০০০ ডলার বা তার বেশি দামে বিক্রি হয়। এটি ক্রেডিট কার্ড নম্বরের চেয়েও বেশি মূল্যবান। কারণ, এসব রেকর্ডে ব্যবহারকারীর অত্যন্ত সংবেদনশীল তথ্য যেমন—ওষুধের তালিকা, আত্মহত্যার প্রবণতা বা স্ব-ক্ষতি সংক্রান্ত গোপন তথ্য এবং সেশন ট্রান্সক্রিপ্ট থাকে।

যেভাবে ঘটছে তথ্য চুরি
প্রতিবেদনে বলা হয়েছে, এসব অ্যাপ বাইরের উৎস থেকে আসা লিঙ্ক বা কমান্ড সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। হ্যাকাররা এই সুযোগ নিয়ে অ্যাপের সুরক্ষিত অংশে প্রবেশ করে লগইন টোকেন বা সেশন ডেটা হাতিয়ে নেয়। ফলে ব্যবহারকারীর অজান্তেই তার সমস্ত গোপন রেকর্ড অন্যের নাগালে চলে যায়।
শনাক্তকৃত ঝুঁকির পরিসংখ্যান:
গবেষণা চলাকালীন মোট ১,৫৭৫টি নিরাপত্তা দুর্বলতা পাওয়া গেছে:
উচ্চ-তীব্রতা: ৫৪টি
মাঝারি-তীব্রতা: ৫৩৮টি
নিম্ন-তীব্রতা: ৯৮৩টি
বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, যেকোনো মানসিক স্বাস্থ্য অ্যাপ ব্যবহারের আগে সেটির এনক্রিপশন পলিসি এবং রিভিউ ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত।
এজেড