তথ্যপ্রযুক্তি ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১১ পিএম
২০২২ সালে যাত্রা শুরুর পর থেকে বিজ্ঞাপনহীন সেবা দিয়ে আসলেও, এবার সেই পথ থেকে সরে আসছে ওপেনএআই (OpenAI)। প্রতিষ্ঠানটি তাদের জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট ‘চ্যাটজিপিটি’-তে পরীক্ষামূলকভাবে বিজ্ঞাপন প্রদর্শনের ঘোষণা দিয়েছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ‘ফ্রি’ (Free) এবং ‘গো’ (Go) ব্যবহারকারীদের জন্য এই বিজ্ঞাপন ব্যবস্থা চালু করা হয়েছে।
কেন এই সিদ্ধান্ত?
ওপেনএআই এক ব্লগ পোস্টে জানিয়েছে, সবার জন্য উন্নত এআই প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে এবং বিশাল অবকাঠামোগত খরচ মেটাতেই এই বিজ্ঞাপন পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রো, বিজনেস, এন্টারপ্রাইজ এবং এডুকেশন টিয়ারের মতো পেইড বা প্রিমিয়াম ব্যবহারকারীরা আগের মতোই বিজ্ঞাপনহীন সেবা পাবেন।

বিজ্ঞাপন যেভাবে প্রদর্শিত হবে
ওপেনএআই-এর তথ্যমতে, বিজ্ঞাপনগুলো চ্যাটজিপিটির উত্তরের ভেতরে থাকবে না, বরং উত্তরের বাইরে আলাদাভাবে 'স্পন্সরড কন্টেন্ট' হিসেবে প্রদর্শিত হবে। প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে যে, বিজ্ঞাপনদাতাদের সঙ্গে কোনো ব্যক্তিগত চ্যাট শেয়ার করা হবে না এবং বিজ্ঞাপন চ্যাটবটের উত্তরের ওপর কোনো প্রভাব ফেলবে না। এছাড়া স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য বা রাজনীতির মতো সংবেদনশীল বিষয়ে কোনো বিজ্ঞাপন দেখানো হবে না।
বিজ্ঞাপন বন্ধের সুযোগ ও শর্ত
বিনামূল্যে ব্যবহারকারীরা চাইলে বিজ্ঞাপন বন্ধ করতে পারবেন, তবে তার জন্য একটি বিশেষ শর্ত বা 'ক্যাভিয়েট' রয়েছে।
পেইড সাবস্ক্রিপশন: চ্যাটজিপিটি প্লাস বা প্রো অ্যাকাউন্টে আপগ্রেড করলে বিজ্ঞাপন দেখা যাবে না।
ফ্রি অপ্ট-আউট: যারা টাকা খরচ করতে চান না, তারা সেটিংস থেকে বিজ্ঞাপন বন্ধ করতে পারবেন; তবে বিনিময়ে তাদের দৈনিক মেসেজ পাঠানোর সংখ্যা কমিয়ে দেওয়া হবে।

প্রতিযোগীদের প্রতিক্রিয়া
ওপেনএআই-এর এই সিদ্ধান্তের সমালোচনা করতে ছাড়েনি প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো। অ্যানথ্রোপিক (Anthropic) তাদের চ্যাটবট ‘ক্লদ’ (Claude)-এর প্রচারণায় চ্যাটজিপিটির এই বিজ্ঞাপন মডেলকে ব্যঙ্গ করে বলেছে— "এআই-তে বিজ্ঞাপন আসছে, কিন্তু ক্লদ-এ নয়।"
আরও পড়ুন: অনলাইনে পণ্য কিনে বারবার রিটার্ন করলেই বন্ধ হবে অ্যাকাউন্ট
ওপেনএআই মনে করছে, স্বচ্ছতা বজায় রেখে বিজ্ঞাপনের এই রূপান্তর ইন্টারনেটের বর্তমান মডেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এবং প্ল্যাটফর্মের স্থায়িত্ব নিশ্চিত করবে।
তথ্যসূত্র: ম্যাশেবল
এজেড