images

তথ্য-প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে এল ‘লকডাউন’ ফিচার: এক ক্লিকেই স্পাইওয়্যার থেকে সুরক্ষা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

৩০ জানুয়ারি ২০২৬, ০৭:৫৯ এএম

সাইবার হামলা এবং স্পাইওয়্যারের ক্রমবর্ধমান ঝুঁকি থেকে ব্যবহারকারীদের রক্ষা করতে নতুন ‘সুরক্ষা কবচ’ নিয়ে এলো জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ‘লকডাউন’ সদৃশ এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন আরও শক্তিশালী নিরাপত্তা বলয় তৈরি করতে পারবেন। মূলত অপরিচিত নম্বর থেকে আসা ক্ষতিকর ফাইল বা অ্যাটাচমেন্ট রুখে দিতেই এই ‘Strict Account Settings’ সুবিধা চালু করা হয়েছে।

২৮ জানুয়ারি ‘ডেটা প্রাইভেসি ডে’ সামনে রেখেই মেটা মালিকানাধীন এই অ্যাপটি নতুন ফিচারটি উন্মোচন করে। বিশেষ করে যারা উচ্চ-স্তরের সাইবার আক্রমণের ঝুঁকিতে থাকেন, তাদের জন্য এটি নিরাপত্তার একটি উন্নত স্তর হিসেবে কাজ করবে।

‘Strict Account Settings’ কী এবং কীভাবে কাজ করে?

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচারটি একটি সাধারণ ‘টগল’ বাটনের মাধ্যমেই সক্রিয় করা যাবে। এর জন্য কোনো জটিল এনক্রিপশন কোডের প্রয়োজন হবে না। এটি চালু করলে অ্যাকাউন্টের নির্দিষ্ট কিছু সেটিংস স্বয়ংক্রিয়ভাবে সবচেয়ে সীমাবদ্ধ (Most Restricted) অবস্থায় চলে যাবে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা

এর ফলে ব্যবহারকারীর কন্টাক্ট লিস্টে নেই এমন কোনো ব্যক্তি তাকে কোনো ছবি, ভিডিও বা ডকুমেন্ট পাঠাতে পারবে না। অধিকাংশ স্পাইওয়্যার যেহেতু ডিভাইসের গুরুত্বপূর্ণ ফাইল চুরির লক্ষ্য নিয়ে পাঠানো হয়, তাই এই ফিচারটি ক্ষতিকর ম্যালওয়্যার সংক্রমণ রোধে দারুণ কার্যকর হবে।

ghost-img-1769536073448

যেভাবে চালু করবেন এই সুরক্ষা ফিচার

হোয়াটসঅ্যাপের নতুন এই নিরাপত্তা বৈশিষ্ট্য সক্রিয় করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন: ১. হোয়াটসঅ্যাপের Settings-এ যান। ২. Privacy অপশনে ক্লিক করুন। ৩. এরপর Advanced অপশনে যান। ৪. সেখানে থাকা Strict Account Settings বা নতুন সুরক্ষা বৈশিষ্ট্যটি টগল করে চালু করে দিন।

আসছে ‘Rust’ প্রোগ্রামিংয়ের সুরক্ষা

নতুন এই ফিচার ছাড়াও নিরাপত্তার আরও বড় ধরনের আপগ্রেড নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। মেসেজ, ছবি এবং ভিডিওকে স্পাইওয়্যারের হাত থেকে পুরোপুরি সুরক্ষিত রাখতে তারা ‘Rust’ নামক আধুনিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে। মেটার অন্যান্য অ্যাপগুলোতেও ভবিষ্যতে এর প্রয়োগ দেখা যাবে।

প্রিমিয়াম সংস্করণের পথে মেটা

এদিকে কেবল নিরাপত্তা নয়, ব্যবসায়িক মডেলেও পরিবর্তন আনছে মেটা। টেকক্রাঞ্চের এক প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের একটি ‘প্রিমিয়াম সংস্করণ’ আনার পরিকল্পনা করছে কোম্পানিটি। এই পেইড সংস্করণটি বর্তমানে চালু থাকা ‘ভেরিফাইড প্ল্যান’ থেকে আলাদা হবে এবং এতে বিশেষ কিছু এক্সক্লুসিভ ফিচার ও এআই (AI) সুবিধা যুক্ত থাকবে।

এজেড