তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৫ নভেম্বর ২০২৫, ০২:৩৫ পিএম
বাড়ি থেকে অফিস, যাতায়াত থেকে ভ্রমণ—সব জায়গাতেই ফোন সঙ্গে থাকে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে পকেট বা ব্যাগের ধুলা, ময়লা ও সূক্ষ্ম কণা ফোনের স্পিকার গ্রিলের মধ্যে জমে। এতে ফোনের শব্দ ধীরে ধীরে কমে যেতে পারে। তবে কিছু হ্যাকস ফলো করলে স্মার্টফোনের স্পিকার বাড়িতেই পরিষ্কার করা যায়।
পরিষ্কার করার আগে সতর্কতা
স্পিকার পরিষ্কার করার আগে ফোনটি বন্ধ করে নিন এবং চার্জার বা অন্য কোনো কেবল খুলে রাখুন। ধারালো কোনো বস্তু, পিন বা সুঁই দিয়ে স্পিকারের ছিদ্র খোঁচাবেন না। এতে স্পিকারের মেশ বা ভেতরের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। পানি বা তরল ব্যবহার করবেন না।
কটন বাড দিয়ে ধুলো পরিষ্কার
প্রথমে একটি নরম, শুকনা কাপড় দিয়ে স্পিকারের চারপাশ পরিষ্কার করুন। এরপর শুকনা কটন বাড দিয়ে স্পিকার গ্রিলের ওপর খুব হালকা হাতে গোল করে ঘষুন। এতে জমে থাকা ধুলা ও লিন্ট ধীরে ধীরে উঠে আসতে পারে। তবে স্পিকারের ছিদ্রের ভেতরে কটন বাড জোর করে ঢোকাবেন না।
নরম ব্রাশ ব্যবহার করতে পারেন
একটি পরিষ্কার, নরম ব্রাশ বা নরম দাঁতের ব্রাশ দিয়েও স্পিকার গ্রিল পরিষ্কার করা যায়। ফোনটি এমনভাবে ধরে ব্রাশ করুন যাতে ধুলা ভেতরে না ঢুকে বাইরে বেরিয়ে আসে। খুব বেশি চাপ প্রয়োগ করা উচিত নয়।
বাল্ব ব্লোয়ার দিয়ে ধুলা সরান
শুকনা ধুলা পরিষ্কারের জন্য একটি বাল্ব ব্লোয়ার ব্যবহার করা যেতে পারে। স্পিকারের দিকে বাল্ব ব্লোয়ার দিয়ে অল্প অল্প করে বাতাস দিন। এতে আলগা ধুলো ও লিন্ট বেরিয়ে আসতে পারে। তবে উচ্চচাপের কমপ্রেসড এয়ার ব্যবহার না করাই ভালো।
পানি ঢুকে গেলে কী করবেন
স্পিকারে পানি ঢুকে গেলে ফোন ঝাঁকাবেন না এবং হেয়ার ড্রায়ারের গরম বাতাস ব্যবহার করবেন না। ফোনটি শুকনা জায়গায় রেখে দিন এবং প্রয়োজন হলে প্রস্তুতকারকের নির্দেশিত পদ্ধতি অনুসরণ করুন। কিছু ফোনে নির্দিষ্ট সাউন্ড ফ্রিকোয়েন্সি ব্যবহার করে পানি বের করা যায়, তবে এগুলো ব্যবহারের আগে ফোনে ভালো করে ম্যানুয়াল নির্দেশিকা দেখে নেওয়া ভালো।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, স্পিকার পরিষ্কার করতে গিয়ে অতিরিক্ত চাপ বা তরল ব্যবহার করবেন না। নিয়মিত ও সাবধানে পরিষ্কার করলে স্পিকারের গ্রিল পরিষ্কার রাখা এবং শব্দের গুণমান বজায় রাখা সহজ হয়।
এজেড