তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৪ অক্টোবর ২০২৩, ০৭:৩৫ এএম
স্মার্টফোনে নির্দিষ্ট পরিমানে মেমোরি থাকে। ছবি, ভিডিও এবং অ্যাপস ডাউনলোড করলে মেমোরি ভরে যায়। তখন ফোন স্লো হয়ে যায়। জানুন ফোনের মেমোরি কীভাবে খালি করবেন।
স্মার্টফোনে মেমোরি ভরে গেলে কী হয়?
জায়গার অভাব দেখা দিলে সব ফোনেই সমস্যা হয়। স্মার্টফোনের প্রসেসিং স্পিড কমে যাওয়া থেকে বারবার হ্যাং হওয়া-মেমোরি ভর্তি হলে ঝামেলার শেষ নেই। আবার গুরুত্বপূর্ণ কোনো কাজের সময়ে নোটিফিকেশন আসতে পারে - ‘নট এনাফ মেমোরি’ পাশাপাশি নতুন কোনও অ্যাপ ইনসটল করতে হলেও বাধা পেতে হবে।

ক্লাউডে ছবি-ভিডিও স্টোরেজ করুন
গুগল ড্রাইভ বা ক্লাউডের মতো অ্যাপ ব্যবহার শুরু করুন। সেখানে ফোনের ছবি, ভিডিও ইত্যাদি সেভ করে রাখতে পারেন। এর ফলে আপনার ফোনের উপর চাপ কম হবে এবং একইসঙ্গে আপনার পছন্দের মুহূর্তের ছবি-ভিডিও অক্ষত থাকবে। অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীদের একটা বড় অংশই গুগল ফটো অ্যাপ ব্যবহার করে থাকেন।
হোয়াটসঅ্য়াপের সাহায্যে ফোনের স্টোরেজ সামলান
হোয়াটসঅ্য়াপের নিজস্ব স্টোরেজ ম্যানেজার থাকে। সেখানেও সেভ হয় আপনার হোয়াটসঅ্য়াপ থেকে পাঠানো বা হোয়াটসঅ্যাপ আসা ছবি-ভিডিও। আন্দাজ করতেই পারছেন কী পরিমাণ মেমোরি যাচ্ছে। সরাসরি সেটিংসে যান, সেখান থেকে ম্যানেজ স্টোরেজে গিয়ে ইচ্ছেমতোই ডিলিট করুন ফাইল।

নিয়মিত ক্যাশে ডিলিট করুন
মোবাইলের অ্যাপ সেটিংসে গিয়ে ক্যাশে ফাইল ডিলিট করুন নিয়মকরেই। কারণ, বহু অ্যাপের ক্যাশেতেই অনেকটা মেমোরি দখল করা থাকে। এর ফলে কিছুটা হলেও মোবাইলে জায়গা ফ্রি হয়।
অব্যবহৃত অ্যাপস আন-ইনস্টল করুন
অ্যানড্রয়েডড স্মার্টফোন ব্যবহারকারীরা প্লে স্টোরে গেলেই দেখতে পাবেন, আপনার ফোনে অব্যবহৃত অ্যাপস কোনগুলো। দেখবেন, বেশ কিছু অ্যাপই দীর্ঘদিন ধরেই ব্যবহার না হয়েই পড়ে রয়েছে আপনার ফোনে। ব্যবহার তো কিছু হচ্ছেই না, উল্টো মেমোরি ভর্তি হচ্ছে। তালিকা দেখে এই অ্যাপসগুলোকে সহজেই আন-ইনস্টল করতে পারবেন আপনি।
স্টোরেজে চাপ কমাতে ব্যবহার করতে পারেন অ্যাপস
মোবাইলের স্টোরেজ বা মেমরিতে চাপ কম দিতে বাজারে রয়েছে একাধিক অ্যাপস। স্টোরেজ ম্যানেজার জাতীয় এই অ্যাপসগুলোর মাধ্যমে স্মার্টফোনের মেমোরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
এজেড