স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২২, ০৮:১১ এএম
কয়েক বছর ধরে বয়স আর চোট নিয়ে টেনিস কোর্টে ছিলেন না থাকার মতোই। তাই ইঙ্গিত দিয়েছিলেন অবসরের। ঘাসের কোর্টের রাজা টেনিস কিংবদন্তি জানান দেন লন্ডনের লেভার কাপই হবে তার সর্বশেষ প্রতিযোগিতামূলক টেনিসে অংশ নেওয়া। সেই লেভার কাপে কয়েকদিন আগে রাজার বেশেই বিদায় নেন রজার ফেদেরার। ২০টি গ্র্যান্ড স্লামজয়ী মহাতারকার বিদায়ে এটিপিতে সুইস তারকাকে ‘সর্বকালের সেরা’ উল্লেখ করে এক বিদায়ী আবেগঘন ভিডিও বার্তা দেন ক্রিকেটার ভিরাট কোহলি। বৃহস্পতিবার সেই বার্তায় সাড়া দিয়েছেন রজারও।
ফেদেরারের সামাজিক মাধ্যমে জবাব দিয়েছেন কোহলির ভিডিওর। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফেদেরার কোহলির ভিডিও একটি স্ক্রিনশট নিয়ে লিখেছেন, 'ধন্যবাদ কোহলি, আমি আশা করি শিগগিরই ভারতে আসছি।'
এর আগে এটিপির মাধ্যমে ৫৮ সেকেন্ডের এক ভিডিওবার্তায় রজারের বিদায়ে নিজের অনুভূতি প্রকাশ করেন ভারতের সাবেক অধিনায়ক কোহলি। তিনি বলেছিলেন, ‘প্রিয় রজার, তোমাকে এই ভিডিওবার্তা পাঠাতে পেরে আমি গর্বিত। তুমি অনেক সুন্দর মুহূর্ত এবং স্মৃতি উপহার দিয়েছ। ২০১৮ সালের অস্ট্রেলিয়ান ওপেনে তোমার সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়েছিল। জীবনে কখনও সেটা ভুলব না। শুধু টেনিস সমর্থক নয়, সারা বিশ্বের মানুষ তোমাকে কত ভালোবাসে, সমীহ করে। আর কোনো ক্রীড়াবিদের ক্ষেত্রে আমি এমনটা দেখিনি। এটা তৈরি করা যায় না।
সবাইকে কাছে টানার বিশেষ দক্ষতা তোমার সবসময়ই ছিল। টেনিসে যে নতুন যুগ তুমি এনেছ, সেটার সঙ্গে কারো তুলনা করা যায় না। আমার কাছে সবসময়ই তুমি সর্বকালের সেরা হয়ে থাকবে। টেনিস কোর্টে তুমি যতটা আনন্দ করেছ, জীবনের পরবর্তী ধাপেও ততটা আনন্দ করবে সেই প্রত্যাশা। তোমাকে এবং তোমার পরিবারের জন্য অনেক শুভেচ্ছা রইল।’
এসও