স্পোর্টস ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পিএম
নিউইয়র্কের ফ্লাশিং মেডোজে একদিনেই পাল্টে গেল নারী টেনিসের শীর্ষস্থানের হিসাব। বুধবার রাতে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে চীনের জেং কিনওয়েনকে তিন সেটে হারিয়ে এলেনা রিবাকিনা শুধু সেমিফাইনালে জায়গা করে নেননি, একই সঙ্গে নিশ্চিত করেছেন বিশ্বের এক নম্বর স্থান।
প্রথম সেটে ৩-৬ ব্যবধানে পিছিয়ে পড়ার পর রিবাকিনা দুর্দান্ত ফিরে আসেন। দ্বিতীয় সেটে ৬-১ এবং তৃতীয় সেটে ৬-৪ স্কোর করে ম্যাচ জিতে নেন তিনি। এই জয়ের ফলে সোমবার র্যাঙ্কিং প্রকাশিত হলে আরিনা সাবালেঙ্কার টানা ৯৯ সপ্তাহের শীর্ষস্থান শেষ হয়ে যাবে। সাবালেঙ্কা ২০২৪ সালের ২১ অক্টোবর থেকে এক নম্বরে ছিলেন। এই ধারাবাহিক রাজত্ব ডব্লিউটিএ ইতিহাসে ষষ্ঠ দীর্ঘতম।
রিবাকিনা কাজাখস্তানের প্রথম টেনিস খেলোয়াড় (পুরুষ বা নারী) হিসেবে একক র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠছেন। তিনি ডব্লিউটিএ ইতিহাসের ৩০তম নারী খেলোয়াড় যিনি এই সম্মান পেলেন। রাশিয়ায় জন্ম নেওয়া রিবাকিনা ২০১৮ সাল থেকে কাজাখস্তানের হয়ে খেলছেন। দেশটির সহায়তায় তার ক্যারিয়ার এগিয়েছে এবং এখন সেই দেশের টেনিসকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন তিনি।
চলতি মৌসুমে রিবাকিনা সাবালেঙ্কার খুব কাছাকাছি ছিলেন। ইউএস ওপেন শুরুর আগে জেসিকা পেগুলা ও কোকো গফও শীর্ষে উঠার সুযোগ পেয়েছিলেন। কিন্তু তাদের জন্য প্রয়োজন ছিল শিরোপা জেতা এবং রিবাকিনার আগেই বিদায়। রিবাকিনার কোয়ার্টার ফাইনাল জয় সেই সম্ভাবনা শেষ করে দিয়েছে।
সেমিফাইনালে এখন শীর্ষ চার বাছাই একসঙ্গে আছেন। রিবাকিনার প্রতিদ্বন্দ্বী কোকো গফ, যিনি মিরা আন্দ্রিভাকে ২-৬, ৭-৬ (৭), ৬-২ স্কোর করে হারিয়েছেন। অন্যদিকে সাবালেঙ্কার মুখোমুখি হবেন জেসিকা পেগুলা। ২০০৯ সালের উইম্বলডনের পর প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যামের নারী এককের সেমিফাইনালে শীর্ষ চার বাছাই একসঙ্গে জায়গা করেছেন।
রিবাকিনা ম্যাচ শেষে বলেছেন, এক নম্বর হওয়া বড় অর্জন হলেও তার মূল লক্ষ্য এখনো টুর্নামেন্ট জেতা। র্যাঙ্কিং দ্রুত বদলাতে পারে বলেও তিনি মনে করিয়ে দিয়েছেন।
২০২২ সালে উইম্বলডন এবং চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতে তিনি ইতিমধ্যে দুটি গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন।
এসটি