স্পোর্টস ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পিএম
শুরুর ধাক্কা সামলে ওঠার দারুণ এক প্রদর্শনী দেখিয়ে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। বুধবার নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রথম সেটে হারের পর ঘুরে দাঁড়িয়ে পর্তুগালের জাইমে ফারিয়াকে চার সেটের লড়াইয়ে হারিয়েছেন এই স্প্যানিশ তারকা।
কব্জির চোটের কারণে চার মাসের বিরতি কাটিয়ে টুর্নামেন্টে ফেরা বিশ্বর্যাঙ্কিংয়ের প্রাক্তন এক নম্বর তারকা আলকারাজ ৭২ নম্বর র্যাঙ্কধারী ফারিয়াকে ৪-৬, ৬-০, ৬-৩, ৬-২ গেমে পরাজিত করেন। ২ ঘণ্টা ৪০ মিনিটের এই ম্যাচটি জিতে পরবর্তী রাউন্ডে চীনের উ ইবিংয়ের মুখোমুখি হবেন তিনি।
প্রথম সেটে নিজের ভুলেই পিছিয়ে পড়তে হয়েছিল বলে স্বীকার করেন আলকারাজ। সেটে ৪-২ ব্যবধানে এগিয়ে যাওয়ার একটি সেরা ব্রেক পয়েন্টের সুযোগ নষ্ট করার পর কিছুটা তাড়াহুড়ো করে ফেলেন তিনি। সেই সুযোগে ফারিয়া গেমটি ৩-৩ সমতায় আনেন এবং পরবর্তী গেমে আলকারাজের সার্ভিস ভেঙে ৪-৩ ব্যবধানে এগিয়ে যান।
প্রথম সেট হারের কারণ জানিয়ে আলকারাজ বলেন, "ম্যাচটা আমার জন্য কঠিন ছিল। প্রথম সেটে দারুণ ছন্দেই ছিলাম, কিন্তু ব্রেক পয়েন্টের সুযোগ হাতছাড়া করার পর আমি কিছুটা অধৈর্য হয়ে পড়েছিলাম। ফারিয়ার মতো খেলোয়াড় যে ঘণ্টায় ১৪০-১৪১ মাইল গতিতে সার্ভিস করে, তার বিপক্ষে এমন ভুল করা বেশ কঠিন পরিস্থিতির সৃষ্টি করে। তবে আমি শান্ত থেকে নিজের স্বাভাবিক খেলায় ফেরার চেষ্টা করেছি।"
দ্বিতীয় সেট থেকেই নিজের চেনা ছন্দে ফেরেন সাতবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী আলকারাজ। নিখুঁত গ্রাউন্ডস্ট্রোক ও গতি বাড়িয়ে ফারিয়ার সার্ভিসকে কোণঠাসা করে ফেলেন তিনি। দ্বিতীয় সেটে ফারিয়াকে কোনো গেমই জিততে না দিয়ে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে সমতায় ফেরেন তিনি।
তৃতীয় সেটের শুরুতেও প্রতিপক্ষের সার্ভিস ভেঙে এগিয়ে যান আলকারাজ। ফারিয়া এক পর্যায়ে একটি সার্ভিস ব্রেক করে ব্যবধান ৩-২ এ নামিয়ে আনলেও শেষ পর্যন্ত নিজের দাপট ধরে রেখে ৬-৩ ব্যবধানে সেটটি নিজের নামে করে নেন স্প্যানিশ মহাতারকা।
চতুর্থ সেটে জোড়া সার্ভিস ব্রেক করে দ্রুতই ৫-১ ব্যবধানে এগিয়ে যান আলকারাজ। এরপর নিজের সার্ভিস ধরে রেখে সহজেই জয় ও তৃতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করেন এই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।