images

টেনিস / স্পোর্টস

ফ্রেঞ্চ ওপেনে খেলবেন না আলকারাজ

স্পোর্টস ডেস্ক

২৫ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পিএম

ফ্রেঞ্চ ওপেনে কার্লোস আলকারাজের টানা তৃতীয় শিরোপা বা "থ্রি-পিট" জয়ের স্বপ্ন কার্যত শেষ হয়ে গেছে। বিশ্ব র‍্যাঙ্কিংয়ের দুই নম্বর এই তারকা শুক্রবার জানিয়েছেন, কবজির ইনজুরির কারণে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া রোঁলা গারো থেকে তিনি নাম প্রত্যাহার করে নিয়েছেন।

সাতবারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী এই তারকা চলতি মাসের শুরুতে বার্সেলোনা ওপেনের প্রথম রাউন্ডে ইনজুরিতে পড়েন এবং টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান। স্ক্যান রিপোর্টে দেখা গেছে, সমস্যাটি প্রাথমিকভাবে যতটা ভাবা হয়েছিল তার চেয়েও বেশি গুরুতর। এরপর ২২ বছর বয়সী এই স্প্যানিশ তারকা মাদ্রিদ ওপেন থেকেও নিজের নাম প্রত্যাহার করে নেন। তিনি জানিয়েছেন যে, রোম মাস্টার্স টুর্নামেন্টেও তাকে দেখা যাবে না।

আলকারাজ বলেন, “আজকের পরীক্ষার ফলাফলের পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, রোম বা ফ্রেঞ্চ ওপেনে অংশ না নিয়ে সতর্ক থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। আমরা ইনজুরির উন্নতির বিষয়টি পর্যবেক্ষণ করব এবং এরপর সিদ্ধান্ত নেব কবে মাঠে ফেরা যায়। এটি আমার জন্য একটি কঠিন সময়, তবে আমি নিশ্চিত যে আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।”

চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর আলকারাজ ২০২৪ সালের ধারাবাহিকতায় ফ্রেঞ্চ ওপেনে টানা তৃতীয় মুকুটের লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছিলেন। এই ইনজুরির ফলে তিনি এখন ক্লে-কোর্টের পুরো মৌসুমটি মিস করবেন, তবে জুনে উইম্বলডনের দিকে তার নজর থাকবে। এর আগে ২০২৩ সালে পায়ের ইনজুরির কারণে তিনি অস্ট্রেলিয়ান ওপেন মিস করেছিলেন।

ক্লে-কোর্টের বিশেষজ্ঞ হিসেবে পরিচিত আলকারাজ গত বছর মন্টি কার্লো, রোম এবং ফ্রেঞ্চ ওপেনে শিরোপা জিতেছিলেন এবং বার্সেলোনা ওপেনে রানার-আপ হয়েছিলেন। গত বছর ফ্রেঞ্চ ওপেনের ম্যারাথন ফাইনালে বর্তমান বিশ্ব নম্বর ওয়ান ইয়ানিক সিনারকে হারিয়েছিলেন তিনি। ৫ ঘণ্টা ২৯ মিনিটের সেই লড়াইয়ে তিনটি চ্যাম্পিয়নশিপ পয়েন্ট বাঁচিয়ে জয় ছিনিয়ে নিয়েছিলেন আলকারাজ।

আলকারাজের অনুপস্থিতিতে সিনারের সামনে এখন 'ক্যারিয়ার স্ল্যাম' পূর্ণ করার সুযোগ তৈরি হয়েছে। ইতালিয়ান এই তারকা ইতিমধ্যে দুবার অস্ট্রেলিয়ান ওপেন এবং গত বছর উইম্বলডন ও ২০২৪ সালে ইউএস ওপেন জিতেছেন।

মাদ্রিদ ওপেনে বেঞ্জামিন বোনজির বিপক্ষে জয়ের পর ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে আলকারাজের ছিটকে যাওয়ার খবর পান সিনার। তিনি আলকারাজের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, “এটি টেনিস বিশ্বের জন্য দুঃখজনক। একজন প্রতিযোগী হিসেবে আমি সবসময় বিশ্বের সেরা খেলোয়াড়দের বিপক্ষে খেলতে চাই এবং এই সারফেসে (ক্লে-কোর্ট) সে নিশ্চিতভাবেই বিশ্বের সেরা... আমি তার দ্রুত আরোগ্য কামনা করছি।”

আগামী ২৪ মে থেকে ফ্রেঞ্চ ওপেনের মূল পর্ব শুরু হতে যাচ্ছে।