স্পোর্টস ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬, ০৮:১৩ এএম
মন্টে-কার্লো মাস্টার্স জিতে আবারও বিশ্ব টেনিসের এক নম্বর আসনে ফিরলেন ইতালির তারকা ইয়ানিক সিনার। ফাইনালে তিনি হারিয়েছেন স্পেনের কার্লোস আলকারাজকে।
রবিবারের ফাইনালে কঠিন আবহাওয়ার মধ্যে ৭-৬(৫), ৬-৩ সেটে জয় তুলে নেন ২৪ বছর বয়সী সিনার। ক্লে কোর্টে দুজনের লড়াইটা ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, বিশেষ করে গত বছরের ফ্রেন্স ওপেনের ফাইনালের পর এটিই ছিল তাদের প্রথম মুখোমুখি।
ম্যাচের শুরুটা ভালো ছিল আলকারাজের। প্রথম সেটে ২-০ ব্যবধানে এগিয়েও যান তিনি। তবে দ্রুত ঘুরে দাঁড়ান সিনার। পাল্টা চাপ তৈরি করে ম্যাচকে নিয়ে যান টাইব্রেকে, যেখানে শেষ পর্যন্ত ৭-৫ পয়েন্টে সেট জিতে নেন ইতালিয়ান তারকা।
দ্বিতীয় সেটেও লড়াইটা ছিল হাড্ডাহাড্ডি। একসময় ব্রেক এগিয়ে গিয়েছিলেন আলকারাজ, কিন্তু সিনার আবারও ম্যাচে ফেরেন। ষষ্ঠ গেমে ব্রেক ব্যাক করে ম্যাচে সমতা ফেরানোর পর আরও একটি ব্রেক নিয়ে ৫-৩ লিড নেন। এরপর নিজের সার্ভ ধরে রেখে প্রায় ২ ঘণ্টা ১৫ মিনিটে নিশ্চিত করেন জয়।
এই জয়ের মাধ্যমে মাস্টার্স ১০০০ পর্যায়ে টানা ২২ ম্যাচ জয়ের রেকর্ডও বাড়ালেন সিনার। পাশাপাশি আলকারাজের বিপক্ষে হেড-টু-হেড ব্যবধান কমিয়ে আনলেন ১০-৭ এ। ম্যাচ শেষে সিনার বলেন, “আমরা এখানে এসেছিলাম বড় টুর্নামেন্টগুলোর আগে নিজেদের যাচাই করতে। আজ দুজনেই খুব ভালো খেলেছি। আবহাওয়া কঠিন ছিল, তবে এই জয় আমার জন্য দারুণ কিছু।”
বিশ্ব এক নম্বরে ফেরার অনুভূতি জানিয়ে তিনি বলেন, “র্যাঙ্কিং আমার কাছে সবকিছু নয়, কিন্তু আবার এক নম্বরে ফেরা অবশ্যই বিশেষ কিছু। এই কোর্টে বড় কোনো শিরোপা আগে জিতিনি, তাই এটি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ।”
অন্যদিকে টানা ১৭ ম্যাচ ক্লেতে অপরাজিত থাকার পর হার মানলেও প্রতিপক্ষের প্রশংসা করেছেন আলকারাজ। তিনি বলেন, “তুমি যা অর্জন করছ, তা সত্যিই অসাধারণ। অভিনন্দন।”