স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০২৬, ১১:২৯ এএম
বিশ্বের এক নম্বর তারকা আরিনা সাবালেঙ্কা দাপটের সঙ্গে মিয়ামি ওপেনের শিরোপা ধরে রেখেছেন। শনিবারের ফাইনালে আমেরিকান প্রতিভা কোকো গফ কে ৬-২, ৪-৬, ৬-৩ সেটে হারিয়ে তিনি ২০২৬ সালের অসাধারণ ফর্ম আরও একবার প্রমাণ করলেন।
এই জয়ের সুবাদে সাবালেঙ্কা একই মৌসুমে ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামি দুটি বড় টুর্নামেন্ট জিতে ‘সানশাইন ডাবল’ সম্পন্ন করলেন। নারী টেনিসের ইতিহাসে এটি মাত্র পঞ্চমবার ঘটল। ২০২২ সালে ইগা সোয়াটেকের পর সাবালেঙ্কাই প্রথম এই কৃতিত্ব অর্জন করলেন। এর আগে ভিক্টোরিয়া আজারেঙ্কা, কিম ক্লাইস্টার্স ও স্টেফি গ্রাফ এই গৌরবের অংশীদার হয়েছিলেন।
২৭ বছর বয়সী বেলারুশিয়ান তারকা এ বছর এখন পর্যন্ত তিনটি শিরোপা জিতেছেন। ২৪ ম্যাচ খেলে ২৩টিতে জয় পেয়েছেন, যা রেকর্ডের মতো। জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে এলিনা রিবাকিনার কাছে হারাই ছিল তার একমাত্র পরাজয়। মিয়ামি ফাইনালের আগ পর্যন্ত রিবাকিনাই একমাত্র খেলোয়াড় যিনি সাবালেঙ্কার বিপক্ষে সেট জিততে পেরেছিলেন। এবার গফ দ্বিতীয় সেট জিতে সেই তালিকায় নাম লেখালেন।

জয়ের পর স্কাই স্পোর্টসকে সাবালেঙ্কা বলেন, “পেছনের মাসগুলোতে যা ঘটেছে, সেগুলো নিয়ে ভাবার সময়ই পাইনি। যে পরিশ্রম করেছি আর কোর্টে যে লড়াকু মানসিকতা দেখিয়েছি, তাতে আমি গর্বিত। কোকো প্রতিটি পয়েন্টের জন্য লড়াই করেছে এবং দারুণ খেলেছে। তবে মানসিকভাবে আমি শক্ত ছিলাম। জানতাম, জয়টা মাত্র কয়েক পয়েন্টের ব্যবধানে ছিল।”
ম্যাচের শুরু থেকেই সাবালেঙ্কা দাপট দেখান। প্রথম গেমেই ব্রেক করে প্রথম সেট সহজে নিজের করে নেন। দ্বিতীয় সেটে গফ ঘুরে দাঁড়ান। ২-২ ও ৩-৩-এ ব্রেক পয়েন্ট বাঁচিয়ে শেষ পর্যন্ত সেট জিতে লড়াইয়ে সমতা ফেরান। তবে নির্ণায়ক তৃতীয় সেটে সাবালেঙ্কা আবার নিয়ন্ত্রণ নেন। শুরুতেই গুরুত্বপূর্ণ ব্রেক পেয়ে এগিয়ে যান। গফের একটি ব্যাকহ্যান্ড শট কোর্টের বাইরে চলে গেলে প্রথম ম্যাচ পয়েন্টেই জয় নিশ্চিত হয়।
হারলেও ২২ বছর বয়সী গফের জন্য সান্ত্বনা আছে। আসন্ন র্যাঙ্কিংয়ে তিনি পোল্যান্ডের ইগা সোয়াটেককে টপকে বিশ্ব তিন নম্বরে উঠবেন। উল্লেখ্য, গফের ক্যারিয়ারের দুটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপাই এসেছে ফাইনালে সাবালেঙ্কাকে হারিয়ে। এই ম্যাচের আগে দুজনের মুখোমুখি রেকর্ড ছিল ৬-৬ সমতায়।
এসটি