images

টেনিস / স্পোর্টস

জোকোভিচকে হারিয়ে ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন আলকারাজ

স্পোর্টস ডেস্ক

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৬ পিএম

নোভাক জোকোভিচকে হারিয়ে নিজের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন কার্লোস আলকারাজ। রড লেভার অ্যারেনায় রোববারের ফাইনালে ২–৬, ৬–২, ৬–৩, ৭–৫ সেটে জয়ের পথে সার্বিয়ান কিংবদন্তির রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লামের স্বপ্নও থামিয়ে দেন স্প্যানিয়ার্ড তরুণ।

ধীর শুরুর পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে নেন ২২ বছর বয়সী আলকারাজ। এই জয়ে তিনি উন্মুক্ত যুগে সবচেয়ে কম বয়সে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম সম্পূর্ণ করা পুরুষ খেলোয়াড়ের কীর্তি গড়লেন। এর আগে উইম্বলডন, ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেনে দুইবার করে শিরোপা জিতেছিলেন তিনি। দর্শকসারিতে বসে ছিলেন রাফায়েল নাদাল। কিংবদন্তি এই স্প্যানিয়ার্ডের চেয়ে দুই বছর কম বয়সে চারটি গ্র্যান্ড স্লাম জয়ের নজির গড়লেন আলকারাজ।

এটি আলকারাজের সপ্তম গ্র্যান্ড স্লাম। এই সংখ্যায় তিনি জন ম্যাকেনরো ও ম্যাটস উইল্যান্ডারের পাশে, আর আন্দ্রে আগাসি, জিমি কনর্স ও ইভান লেন্ডলের চেয়ে একটি কম। অন্যদিকে মেলবোর্নে ফাইনালে এটিই জোকোভিচের প্রথম হার। এর আগে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে টানা ১০ বার জিতেছিলেন তিনি। এখনও ২৫তম গ্র্যান্ড স্লামের খোঁজে থাকা জোকোভিচ অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্টের রেকর্ড ছাড়াতে পারেননি।

দুজনেই সেমিফাইনালে পাঁচ সেটের লড়াই পেরিয়ে ফাইনালে উঠেছিলেন, আলকারাজ আলেকজান্ডার জভেরেভকে, জোকোভিচ জানিক সিনারকে হারিয়ে। ফলে ফাইনালে শারীরিক সক্ষমতাই বড় পরীক্ষা ছিল। তবে শুরু থেকেই ছিল উচ্চমানের লড়াই।

প্রথম সেটে সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যান জোকোভিচ। আলকারাজের সার্ভ ভালোভাবে পড়ছিলেন তিনি, র‌্যালিতে ছিলেন নিয়ন্ত্রক। ৩৩ মিনিটে সেটটি নিজের করে নেন সার্বিয়ান তারকা। কিন্তু দ্বিতীয় সেট থেকেই বদলে যায় চিত্র। গতি বাড়িয়ে জোকোভিচকে চাপে ফেলেন আলকারাজ। ধারাবাহিক আক্রমণাত্মক খেলায় ব্রেক আদায় করে সমতায় ফেরেন তিনি।

তৃতীয় সেটে দীর্ঘ র‌্যালি ও স্নায়ুচাপের লড়াইয়ে এগিয়ে যান আলকারাজ। গুরুত্বপূর্ণ মুহূর্তে জোকোভিচের ভুল কাজে লাগান স্প্যানিয়ার্ড। চতুর্থ সেটে টিকে থাকার মরিয়া চেষ্টা ছিল জোকোভিচের। ১১ মিনিটের একটি সার্ভিস গেমে ছয়টি ব্রেক পয়েন্ট বাঁচান। কিন্তু শেষ পর্যন্ত আলকারাজের ধারাবাহিক চাপ সামলাতে পারেননি। ম্যাচে টিকে থাকার সার্ভিস গেমেই ভেঙে পড়ে জোকোভিচের প্রতিরোধ।

এই জয়ে আলকারাজ বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান আরও দৃঢ় করলেন। জানিক সিনার থাকছেন দুইয়ে, আর জোকোভিচ উঠে এসেছেন তিন নম্বরে, আলেকজান্ডার জভেরেভকে পেছনে ফেলে।