১১ মে ২০২৬, ০১:৩৯ এএম
মা, তোমাকে হয়তো সবসময় বলা হয় না, কিন্তু তুমি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ। ছোটবেলা থেকে তোমাকে দেখেই শিখেছি কীভাবে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হয়, কীভাবে নিজের সবটুকু দিয়ে অন্যের পাশে থাকতে হয়।
জীবনে যত বড় হচ্ছি, ততই বুঝতে পারছি—তোমার মতো হওয়া কতটা কঠিন, আর তোমার মতো একজন মানুষ পাওয়া কতটা বড় আশীর্বাদ। তুমি শুধু আমার মা নও, তুমি আমার সাহস, আমার শান্তি, আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়।
পৃথিবীটা যত কঠিনই হোক না কেন, মনে হয় তুমি পাশে থাকলেই সব ঠিক হয়ে যাবে।তোমার স্নেহ, তোমার আদর, তোমার মায়াভরা কথা—এসবের মাঝেই আমি জীবনের সবচেয়ে বেশি শান্তি খুঁজে পাই।
কখনও ক্লান্ত হলে,মন খারাপে কিংবা ভেঙে পড়লে তোমার কাছেই ফিরে আসতে ইচ্ছে করে। কখনো তুমি হও আমার মোটিভেটর আবার কখনো থাকো ক্রিটিকের ভূমিকা। তোমার মতো করে আমাকে আর কেউ বুঝতে পারে না।
যখন তোমার স্টুডেন্টরা বলে, “শিল্পী ম্যাম মানেই আমাদের নির্ভরতার জায়গা,” তখন সত্যিই আমার ভীষণ গর্ব হয়। অ্যানাটমির শিক্ষক হিসেবে শুধু না, তুমি তাদের ঠিক মায়ের মতোই আগলে রাখো। তাদের প্রতি তোমার মমতা, ধৈর্য আর ভালোবাসা দেখে মনে হয়—মা হওয়া আসলে একটা অনুভূতি, যেটা তুমি তোমার চারপাশের সবার মাঝেই ছড়িয়ে দাও।
জানো মা, কেউ যখন বলে আমি তোমার মতো, তখন সেটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় প্রশংসা মনে হয়। কারণ তোমার মতো মানুষ হওয়া মানেই সুন্দর একটা মন পাওয়া, নিঃস্বার্থভাবে ভালোবেসে সবাইকে আপন করে নিতে শেখা। আমি সত্যিই চাই, একদিন তোমার মতো এতটা ভালো মানুষ হতে।
তুমি নিজের কথা না ভেবে সবসময় আমাদের জন্য চিন্তা করো।তোমায় দেখেই বুঝতে পারি "মা" শব্দটার ভেতর আসলে কতটা ত্যাগ, কতটা ভালোবাসা আর কতটা নির্ভরতা লুকিয়ে থাকে।
সত্যি বলতে, তোমাকে ছাড়া জীবনটা কেমন হতো, আমি ভাবতেই পারি না। তুমি আছো বলেই পৃথিবীটা এত আপন লাগে, এত নিরাপদ লাগে। তোমার কোলে মাথা রাখলেই একরাশ শান্তি। আমি শুধু চাই তুমি সবসময় ভালো থাকো।
তোমার জীবনে শুধুই সুখ, শান্তি আর অফুরন্ত ভালোবাসা থাকুক। তুমি সবার জন্য এত কিছু করো—জীবন যেন তোমাকেও ঠিক ততটাই সুন্দরভাবে আগলে রাখে।একটা “মাদার্স ডে” কখনোই যথেষ্ট না তোমার প্রতি আমার ভালোবাসা প্রকাশ করার জন্য। তবুও আজ বলতে চাই—তোমাকে অনেক অনেক ভালোবাসি, মা। অনেক ধন্যবাদ মা তোমাকে, আমার জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয় হওয়ার জন্য। তুমি আছো বলেই আমার পৃথিবীটা এত সুন্দর।
আর আজ মা দিবসে বিশ্বের সকল মায়েদের প্রতি কুর্নিশ জানাই।ভালো থাকুক, যত্নে থাকুক পৃথিবীর সব মায়েরা।
লেখক: শ্রেয়া চক্রবর্তী, শিক্ষার্থী, ঢাকা মেডিকেল কলেজ।।।
এসএইচ