স্পোর্টস ডেস্ক
০৩ জানুয়ারি ২০২৩, ০৮:২৬ পিএম
বিতর্ক যেন পিছুই ছাড়ছে না ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর। একের পর এক উদ্ভট সব কর্ম করে তিনি জন্ম দিচ্ছেন নানান আলোচনা-সমালোচনার। কাতার বিশ্বকাপে বিভিন্ন বিষয়ে একের পর এক মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন তিনি। এবার যা করলেন, সেটি ছাড়িয়ে গিয়েছে সবকিছুকেই।
বিভিন্ন বিবৃতিতে জানা যায় মারা যাওয়ার আগে পেলে নিজেই বলে গিয়েছিলেন, তার শবদেহ যেন সান্তোসের মাঠে নিয়ে যাওয়া হয়। ফুটবল সম্রাটের সেই কথা রাখতে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে একদিনের জন্য রাখা হয়েছিল তার শবদেহ। সেখানে ফুটবলের রাজাকে শেষশ্রদ্ধা জানাতে ছুটে গিয়েছিল হাজার হাজার মানুষ। সেখানেই এক হাস্যকর কাজ করে বসলেন ফিফা সভাপতি। ঢাকনা খোলা পেলের কফিনের সামনে নিজের সেলফি তুলেন তিনি। যার কারণে তুমুল সমালোচনার মুখে পরতে হয়েছে তাকে।
এছাড়া সেলফি তোলার সময় পেলের বোনও ছিলেন ফিফা সভাপতির পেছনে, কিন্তু বুঝতে পেরে দ্রুত সরে যান পেলের বোন। অন্যদিকে ইনফান্তিনো সেলফি তোলার পর তার সাথে ছবি তুলতে আসেন এক ব্যক্তি। কিন্তু সেই ব্যক্তিকে ছবি তুলতে দেওয়া হয়নি।
ফলে ফিফা সভাপতির এরকম কাজ স্বাভাবিকভাবেই রাগিয়ে দিয়েছে ব্রাজিলিয়ানসহ গোটা দুনিয়ার মানুষকে। এছাড়া বিশ্বকাপ চলাকালীন সময়ে বিয়ার পান, সমকামীতা, পশ্চিমা বিশ্বের ক্ষমা চাওয়া এইসব বিষয়ে মন্তব্য করে নেটিজনদের রোষানলে পড়েন তিনি। অপরদিকে ফাইনালের দিন বিশ্বকাপ ট্রফিটি মেসির হাতে তুলে দেওয়ার সময় তাকে মঞ্চ থেকে ঠেলে সমালোচনার শিকার হয়েছিলেন ফিফা সভাপতি ইনফান্তিনো।
অবশ্য এই অনুষ্ঠানে এসেই পেলের নামে বিশ্বের সবদেশে অন্তত্য একটি স্টেডিয়ামের নামকরণ করার অনুরোধ করেন তিনি। ফলে এই উদ্যোগে আবার সামাজিক মহলে বেশ প্রশংসিত হয়েছেন জিয়ান্নি।
এসসিএন/এসটি