Dhaka Mail Logo

ফুটবল

বিশ্বকাপ উপলক্ষে ২২ রিয়ালের নোট উন্মোচন

স্পোর্টস ডেস্ক

১৩ নভেম্বর ২০২২, ১১:২৭ পিএম

কাতার বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র এক সপ্তাহ। ফুটবলের এই আসর উপলক্ষে একটি ২২ রিয়ালের নোট উন্মোচন করা হয়েছে। কাতারে প্রচলিত এক, পাঁচ, দশ, পঞ্চাশ, একশ’ এবং পাঁচশ’ রিয়ালের সঙ্গে এবার যোগ হলো ২২ রিয়ালের নোট।

কাতারে শুধু ২২ রিয়ালের নোটই নয়, পাশাপাশি বিশ্বকাপের লোগো সংবলিত কয়েনও চালু করা হয়েছে। কাতার সেন্ট্রাল ব্যাংকের গভর্নর শেখ বন্দর বিন মোহাম্মদ বিন সৌদ আল থানি ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে নোট ও কয়েন উদ্বোধন করেন। ২২ রিয়ালের নোটে একদিকে লুসাইল স্টেডিয়াম এবং অন্যদিকে আল বায়েত স্টেডিয়াম রয়েছে, যা কাতার ২০২২ এবং বিশ্বকাপ ট্রফির প্রতীক।

কাতার সেন্ট্রাল ব্যাংক থেকে জানানো হয়েছে, ‘২২ কাতারি রিয়াল’ স্মারক নোটটি ৭৫ কাতারি রিয়ালে কেনা যাবে। কিন্তু এর নামমাত্র মূল্য ২২ রিয়াল একই থাকবে।

বিশ্বকাপ চলাকালীন কাতারে আসা বিদেশি দর্শকরা এই নোটের ব্যবহার করতে পারবেন এবং বিশ্বকাপের স্মারক হিসেবে নিজের দেশেও নিয়ে যেতে পারবেন। প্রশাসনের পক্ষ থেকে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। নতুন এই নোটে কাতারের ফুটবল ইতিহাসকেও সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফুটবল বিশ্বকাপকে ঘিরেই এসব আয়োজন। সবমিলিয়ে সফল এক আয়োজন উপহার দিয়ে গোটা ফুটবল দুনিয়াকেই চমকে দিতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের দেশ কাতার।

এসটি/আইএইচ