Dhaka Mail Logo

ফুটবল

কাতার পৌঁছাল আর্জেন্টিনা দলের একাংশ

স্পোর্টস ডেস্ক

০৮ নভেম্বর ২০২২, ০৬:২০ পিএম

বিশ্বকাপের পর্দা উঠতে এখনো বাকি দুই সপ্তাহেরও কম সময়, আর্জেন্টিনার ম্যাচ মাঠে গড়াবে আরও দুই সপ্তাহ পর। তবে এরই মধ্যে আর্জেন্টাইন দলের এক তৃতীয়াংশ পৌঁছে গেছে কাতারে। অপরদিকে কোপা আমেরিকান চ্যাম্পিয়নদের স্বাগতম জানিয়ে ব্যানার দিয়ে কাতারও বরণ করে নিয়েছে আলবিসেলেস্তেরাদের।   

বিশ্বকাপের মিশন শুরুর আগে প্রস্তুতি ম্যাচ হিসেবে আরব আমিরাতের বিপক্ষে একটি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা। আবুধাবিতে স্বাগতিকদের বিরুদ্ধে ম্যাচের পূর্বেই পুরো দল একত্রিত হবে। তবে তার অনেক আগেই আর্জেন্টিনা দলের একাংশ পৌঁছে গেছে বিশ্বকাপের ভেন্যু কাতারে।

সেই দলে আছেন কোচ লিওনেল স্কালোনিসহ কোচিং স্টাফরা। সঙ্গে আছেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়াও। খেলোয়াড়দের মধ্যে কেবল আছেন আর্জেন্টাইন ফুটবল লিগের খেলোয়াড় ফ্র্যাঙ্কো আরমানি। 

আর্জেন্টাইন সংবাদ মাধ্যম জানাচ্ছে, কাতার পৌঁছে তারা ইতোমধ্যেই উঠে গেছেন কাতার বিশ্ববিদ্যালয়ে। বিশ্বকাপ চলাকালীন এখানেই থাকবেন মেসিরা।

ক্লদিও তাপিয়াকে সঙ্গে নিয়ে ৫০ সদস্যের একটি বহর গতকাল আর্জেন্টিনার এজেইজা বিমান বন্দর থেকে ব্যক্তিগত বিমানে চড়ে পাড়ি জমান কাতারের উদ্দেশে। মাঝে মাদ্রিদে যাত্রাবিরতি ছিল আর্জেন্টাইন বহরের, পরে আজ মঙ্গলবার ভোর রাতে কাতারে পৌঁছেছে স্কালোনি বাহিনী।

এই বহরে আর্জেন্টাইন ফুটবল সভাপতি, কোচিং স্টাফ ও ফ্র্যাঙ্কো আরমানি ছাড়াও ছিলেন ফেডারেশনের বেশ কিছু শীর্ষ কর্মকর্তা, ডাক্তার, থেরাপিস্ট, রাঁধুনি ও তাদের সহকারীরা। এমনকি নাপিতও সঙ্গে নিয়ে কাতারে পা রেখেছে আলবিসেলেস্তেরা। 

অপরদিকে ক্লদিও তাপিয়া টুইট করে বলেন, 'অনেক দিনের অপেক্ষার পর আমরা অবশেষে কাতারে যাচ্ছি। সাড়ে চার কোটি আর্জেন্টাইনের আশা নিয়ে আমরা সেখানে যাচ্ছি। বিশ্বকাপের স্বপ্নটা শুরু হতে যাচ্ছে। আমরা যে কোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ, এবার সময় সামনে তাকানোর'। 

এসটি