images

ফুটবল

রেফারির সঙ্গে তর্ক, দুই মাসের জন্য বরখাস্ত পিকে

স্পোর্টস ডেস্ক

০৭ মে ২০২৬, ০৭:১৩ এএম

রেফারির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের জেরে দুই মাসের জন্য সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে বরখাস্ত হয়েছেন বার্সেলোনার সাবেক ফুটবলার জেরার্ড পিকে। একই ঘটনায় তাকে ছয় ম্যাচের নিষেধাজ্ঞাও দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

ঘটনাটি ঘটে স্পেনের দ্বিতীয় স্তরের লিগে এফসি অ্যান্ডোরা ও আলবাসেতে ম্যাচের পর।

গত সপ্তাহের সেই ম্যাচে অ্যান্ডোরা ১-০ গোলে হারে। ম্যাচ শেষে টানেলে রেফারির সঙ্গে পিকের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। ২০২২ সালে ফুটবল থেকে অবসর নেওয়া বিশ্বকাপজয়ী এই স্প্যানিশ তারকা বর্তমানে এফসি অ্যান্ডোরার সহ-মালিক।

রেফারির প্রতিবেদনে বলা হয়েছে, পিকে ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে ‘আক্রমণাত্মক ও উদ্ধত’ আচরণ করেছেন। কর্তৃপক্ষের মতে, তার আচরণ লিগের ‘ক্রীড়াসুলভ মর্যাদা’ নীতিমালার পরিপন্থী।

শৃঙ্খলা কমিটি জানিয়েছে, ‘খেলাধুলার মর্যাদা ও শালীনতাকে ক্ষুণ্ন করে এমন প্রকাশ্য ও নিন্দনীয় আচরণের’ কারণে পিকেকে দুই মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আর রেফারিদের প্রতি ‘সামান্য সহিংস আচরণের’ অভিযোগে তাকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

এই ঘটনার জেরে অ্যান্ডোরার আরো কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্লাব সভাপতি ফেরান ভিলাসেকা চার মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন। নিষিদ্ধ করা হয়েছে স্পোর্টিং ডিরেক্টর জমে নগুয়েস–কেও।

তবে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে এফসি অ্যান্ডোরা। ক্লাবটির দাবি, রেফারির প্রতিবেদন ‘বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়’। ভিডিও প্রমাণের ভিত্তিতে নিজেদের অবস্থান তুলে ধরতে তারা আইনি আপিলের প্রস্তুতি নিচ্ছে।

এমআর