স্পোর্টস ডেস্ক
০৩ এপ্রিল ২০২৩, ১২:৩৭ পিএম
২০২০ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। কারণ হিসেবে তৎকালীন বোর্ড ও কোচিং স্টাফদের দ্বারা ‘মানসিক অত্যাচারে’র অভিযোগ এনেছিলেন তিনি। পরবর্তীতে তিনি জানান, কোচের পদ থেকে মিসবাহ উল হক ও ওয়াকার ইউনুস এবং পিসিবি চেয়ারম্যানের পদ থেকে রমিজ রাজা সরে দাঁড়ালে আবারও তিনি জাতীয় দলে ফিরতে পারেন।
বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো দায়িত্বে নেই এই তিনজন। আর সাম্প্রতিক সময়ে পিসিবির একজন নির্বাচক এই বিষয়ে আমিরের সঙ্গে যোগাযোগ করেছেন বলে খবর দিয়েছে পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম। ফলে আবারও জোর গুঞ্জন উঠেছে, জাতীয় দলের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় আছেন এই ৩০ বছর বয়সী ক্রিকেটার।
আরও পড়ুন- আইপিএলে ‘কোমর দুলিয়ে’ এত টাকা আয়!

পাকিস্তানের সামা টিভির বরাত দিয়ে জানা যায়, সম্প্রতি পিসিবির একজন নির্বাচক আমিরের ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ করেছেন। তাকে বলা হয়েছে, আমিরকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য বিবেচনা করা হচ্ছে।
— SAMAA TV (@SAMAATV) April 2, 2023
বিপরীতে আমিরের ম্যানেজার সামা টিভিকে জানান, সেই নির্বাচক বলেছেন পিসিবি বললে আমির যেন অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেন। চলতি বছরের ওয়ানডে বিশ্বকাপে তাকে দরকার হতে পারে বলেও ধারণা দেওয়া হয়েছে।
আরও পড়ুন- আইপিএলে কেন ‘বিশেষ জুতা’ পরে খেলছেন ওয়ার্নার?
৩০ বছর বয়সী এই পাকিস্তানি পেস বোলার দেশের হয়ে ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে ও ৫০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আইসিসি আয়োজিত বেশ কয়েকটি টুর্নামেন্টে পাকিস্তানের হয়ে দারুণ পারফর্ম করেছেন এই বাঁহাতি পেসার। ২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন আমির।
উল্লেখ্য, ২০২০ সালে ইংল্যান্ডের বিপক্ষে শেষবারের মতো পাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন আমির। এরপর আমির কাউন্টি চ্যাম্পিয়নশিপ সহ বেশ কয়েকটি টি-টোয়েন্টি লিগে খেলেছেন। এবার পুনরায় তার পাকিস্তান দলে ফেরার সম্ভাবনা রয়েছে।
এফএইচ