স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০২৩, ০৮:৩৭ পিএম
চলতি মাসের শেষের দিকে শুরু হতে যাচ্ছে আইপিএলের ১৬ তম আসর। যার উত্তাপ এরেই মধ্যে শুরু হয়ে গেছে ক্রিকেট প্রেমীদের ভিতর। অপরদিকে এবার থেকেই আবার শুরু হচ্ছে হোম-অ্যাওয়ে ফরম্যাটে প্রতিযোগিতা। চলতি আসরে সাকিব আল হাসান ও লিটন লিটন কুমার দাস কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের অনাপত্তি পত্র দেওয়া নিয়ে তৈরি হয়েছে জটিলতা। গতকাল সাকিব ও লিটনের আইপিএল অংশগ্রহণ নিয়ে মুখ খুলেছিলেন সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আজ এ ব্যাপারে মন্তব্য করেছেন খালেদ মাহমুদ সুজন।
দেশের খেলা চলাকালীন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার জন্য কোনো ক্রিকেটার ছাড়া হবে না, এ কথা স্পষ্টভাবে অনেক আগে জানিয়ে দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন। এখন পর্যন্ত সেই সিদ্ধান্তের কোন পরিবর্তন হয়নি।
আজ আইপিএলে সাকিব-লিটনদের খেলার ব্যাপারে খালেদ মাহমুদ সুজন বলেন, 'এটা সম্পূর্ণ বোর্ডের ইস্যু। বোর্ড এটা নিয়ে একটা চিন্তা করেছে। ওদের সাথে কীভাবে কথা হয়েছে তা আমি জানি না। যেহেতু আয়ারল্যান্ডের সঙ্গে টেস্ট ম্যাচ, আমরা মনে করে আমরা যথেষ্ট শক্তিশালী দল। টেস্ট ম্যাচে আমরা যে দলই খেলাই না কেন আমরা ওদের সাথে ভালো করব। আমি ওদের (আয়ারল্যান্ড) ছোটো করছি না। তবে এই কন্ডিশনে বা ওদের খেলোয়াড়দের দেখে আমার মনে হচ্ছে আমরা যথেষ্ট শক্তিশালী। সেক্ষেত্রে সাকিব-মুস্তাফিজ বা লিটন যদি নাও থাকে খুব যে বড় ক্ষতি হবে তা না। তারা অবশ্যই বাংলাদেশের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। দেশ সবার আগে, এটা সত্যি কথা। আমরা সবাই বলি দেশ সবার আগে।'
'যদি আমরা মনে করি আমাদের সেই সাহস বা আত্মবিশ্বাসটা থাকে, তাহলে হয়তো ওদের ছাড়লেও ছাড়তে পারে। সেটা অন্য জিনিস। অবশ্যই বিসিবি একটা অবস্থান নেবে। আমি বোর্ড পরিচালক হয়ে বিসিবির বিপক্ষে কখনোই বলতে পারব না। বিসিবির ওদের নিয়ে পরিকল্পনা আছে অবশ্যই। টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা আছে। আমি এই মুহূর্তে আমি টিম ম্যানেজমেন্টেও নেই। তারা জানে এই অবস্থায় কী করতে হবে। দেখেন দেশ একটা দলের সঙ্গে হারতে পারে, এই অবস্থায় কাউকে আইপিএল খেলতে যাওয়ার পক্ষে আমি নই। এটা সম্ভব না আসলে। দলটা যদি ইংল্যান্ড হতো তাহলে এতো প্রশ্নই উঠত না, দুর্বল দল আয়ারল্যান্ড বলেই সবাই এতো কথা বলছে।'
আইপিএল শুরু হচ্ছে ৩১ মার্চ। এরপর দিনই মাঠে গড়াবে কলকাতার ম্যাচ। মোহালিতে পাঞ্জাব কিংসের বিপক্ষে ১৬তম আইপিএলের যাত্রা শুরু করবে নাইট রাইডার্স।
এমএএম