Dhaka Mail Logo

ক্রিকেট

পেসারদের উন্নতির রহস্য জানালেন হাসান মাহমুদ 

স্পোর্টস ডেস্ক

২৩ মার্চ ২০২৩, ০৮:৩৪ পিএম

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে জয় পেয়েছিল টাইগাররা। দ্বিতীয় ম্যাচে রেকর্ড পরিমান সংগ্রহ দাঁড় করালেও বৃষ্টিতে পরিত্যক্ত হয় ম্যাচটি। যদিও সেই ম্যাচে  তামিম- সাকিবদের জয়ের সম্ভবনা ছিল বেশি। পরে আজ শেষ ওয়ানডে দাপট দেখালেন পেসাররা। সব নিয়ে দারুণ একটি সিরিজ কাটিয়েছে টাইগাররা। এদিকে তরুন পেসার হাসান মাহমুদ ম্যাচ সেরা হয়ে সংবাদ সম্মেলনে এসে পেসারদের এই দারুন ফর্মের রহস্য খোলাসা করেন।

ম্যাচ সেরা হয়ে সংবাদ সম্মেলনে হাসান বলেন, ‘ভালোভাবে পারফর্ম করতে পারায় আমি বেশ রোমাঞ্চিত, সকলের কাছেই আমি অনেক কৃতজ্ঞ। এখানকার কন্ডিশনে পেসারদেরকে অনেক সাহায্য করেছে। বোলিং করাটা তাই বেশ উপভোগ করেছি। আমাদের উন্নতির পেছনের কৃতিত্ব অ্যালান ডোনাল্ডের। বোলাররা ধীরে ধীরে উন্নতি করেছে। নতুন বলে সুইং করানো এবং সঠিক লেন্থে বোলিং করে যাওয়া নিয়ে আমরা বেশ ভালোভাবেই কাজ করে যাচ্ছি।’ 

অ্যালেন ডোনাল্ডের অধীনে পেস বোলিং ইউনিট দারুণ বোলিং করছে। নিজেদের ইতিহাসে প্রথমবারের মত পেস বোলিং বিভাগ ১০ উইকেট নেয়ার পর কৃতিত্ব দিয়েছেন কোচকেই। এ নিয়ে হাসান বলেন, ‘আলাদা করে বলতে গেলে ও আমাদের সঙ্গে ওর অভিজ্ঞতা শেয়ার করে।’

‘কিভাবে কি করেছে, খারাপ সময়ে কিভাবে ঘুরে দাঁড়িয়েছে। কোন পরিস্থিতিতে কি করতে হবে, কোন বল করতে হবে ও সব সময় এসবই শেয়ার করে। স্কিলের ব্যাপারে তো ও অসাধারণ, ভালো কাজ করে আমাদের পেছনে।’

এদিকে সিলেটে তৃতীয় ম্যাচে বল হাতে ৫ উইকেট নিয়েও বাড়তি উজ্জাপন না করার কারণ জানালেন এই তরুন পেসার। তিনি বলেন, ‘ব্যাটসম্যানকে আউট করে সেলিব্রেশন করলে মনে হয় ও আরেকটু মন খারাপ করবে, তাই সেলিব্রেট করি না। এটা আমার প্রথম পাঁচ উইকেট (আন্তর্জাতিক ক্রিকেটে), ঘরোয়াতেও পাঁচ উইকেট পাওয়া হয়নি।’