Dhaka Mail Logo

ক্রিকেট / আন্তর্জাতিক

তৃণমূলের সঙ্গ ছাড়তেই ‘উপহার’ পেলেন ইউসুফ পাঠান! 

আন্তর্জাতিক ডেস্ক

২০ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পিএম

বাড়ি লাগোয়া বিতর্কিত জমি ‘উপহার’ হিসেবে পেলেন এনসিপিআই এমপি ইউসুফ পঠান। গুজরাতের বডোদরার বাড়ি লাগোয়া ৯৭৮ স্কোয়্যার মিটার জমির অর্ধেকেরও বেশি  ইউসুফকে উপহার হিসেবে দিচ্ছে গুজরাতের বিজেপি সরকার। 

আর বাকি ৪৭৮ স্কোয়্যার মিটার জমি বর্তমান বাজারদরের ৫৫ শতাংশ টাকায় কিনছেন তিনি।এর আগে বডোদরা পৌরসভার অধিকৃত ওই ৯৭৮ স্কোয়ার মিটার জমি জবরদখলের অভিযোগ উঠেছিল ইউসুফের বিরুদ্ধে। 

পৌরসভার তরফে অভিযোগ করা হয় যে, ওই জমিতে দেওয়াল তুলে সংশ্লিষ্ট জায়গাটি নিজের সম্পত্তির মতো ব্যবহার করছিলেন তিনি। যা বেআইনি। তবে ২০১২ সালে ইউসুফকে একটি প্রস্তাব দেয় পৌরসভা কর্তৃপক্ষ। তারা বলেন, জমিটি কিনে নিন সাবেক ক্রিকেটার। তার জন্য নিলাম করা হবে না। 

প্রতি বর্গমিটারে ৫৭ হাজার ২৭০ টাকা করে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়। কিন্তু পৌরসভার ওই অনুমোদন ২০১৪ সালে বাতিল করে দেয় গুজরাত সরকার। ইউসুফ বেআইনি ভাবে জমি দখল করে রেখেছেন, এই মর্মে তৎকালীন বিজেপি কাউন্সিলর বিজয় পওয়ার অভিযোগ করেছিলেন।

সোমবার (১৯ অক্টোবর) বডোদরা পৌরসভার কমিশনার অরুণ মহেশ বাবু জানিয়েছেন, বাড়ি লাগোয়া ওই জমিটি চেয়েছিলেন ভারতীয় দলের সাবেক ক্রিকেটার ইউসুফ।

সম্প্রতি সরকার তার আবেদনে সিলমোহর দিয়েছে। যদিও জমিটি কী ভাবে ইউসুফকে হস্তান্তর করা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। পৌরসভার স্ট্যান্ডিং কমিটি এবং সাধারণ সভার বৈঠকে এই বিষয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে।

বিধাননসভা নির্বাচনের পর তৃণমূল ছেড়ে অজ্ঞাতকুলশীল দল এনসিপিআই-এ যোগ দেন বহরমপুরের এমপি ইউসুফ। তার সঙ্গে যোগ দেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার-সহ ১৯ জন এমপি। 

এনসিপিআই-এর এই ২০ জন এমপি এখন কেন্দ্রের শাসকজোট এনডিএ-র শরিক। যদিও লোকসভার স্পিকার এখনও তাদের এনসিপিআই এমপি হিসেবে স্বীকৃতি দেননি। ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে যে, তৃণমূল-সঙ্গ ছাড়ার কারণেই কি ইউসুফকে জমি উপহার দিল গুজরাতের বিজেপি সরকার?

এই বিতর্কিত জমি নিয়ে গুজরাত সরকার এবং বডোডরা পৌরসভার সঙ্গে ইউসুফের প্রায় ১৪ বছর ধরে টানাপোড়েন চলছিল। ওই জমি দখলের দায়ে বহরমপুরের এমপিকে দোষী সাব্যস্ত করেছিল গুজরাত হাইকোর্ট।

এর মধ্যে ২০২৪ সালে লোকসভা ভোটে বাংলার বহরমপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়ান ২২ গজের ‘পিঞ্চ হিটার।’ কংগ্রেসের বিদায়ী এমপি কংগ্রেসের অধীর চৌধুরীকে পরাজিত করে এমপি হন। ওই সময়ে ইউসুফের বিরুদ্ধে আবার একবার জমি জবরদখলের অভিযোগ আনেন বডোদরার বেশ কয়েক জন কাউন্সিলর। 

ঘটনাক্রমে ইউসুফকে নোটিস দিয়ে জমি ছেড়ে দিতে বলেছিল পৌরসভা। যার পরিপ্রেক্ষিতে হাইকোর্টে গিয়েছিলেন তৃণমূল এমপি ইউসুফ।

২০১২ সালে প্রথম ওই জমিটির মালিকানা পেতে চেয়েছিলেন পাঠান। তার বক্তব্য ছিল, আন্তর্জাতির স্তরের ক্রিকেটার হিসেবে বাড়ি লাগোয়া ওই ফাঁকা জমি তার নিরাপত্তাজনিত ঝুঁকিকে বাড়িয়ে দিচ্ছে। 

বডোদরার তান্ডলজা এলাকার এই বাড়িতে ইউসুফ এবং তার পরিবারের সদস্যেরা থাকেন। থাকেন ইউসুফের ভাই তথা ভারতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য ইরফান পঠানও।

-এমএমএস