স্পোর্টস ডেস্ক
০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ এএম
ব্রোঞ্জপদকের লড়াইয়ে ব্যাটিং-বোলিং কোনোটিতেই নিজেদের মেলে ধরতে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কার ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় লিটন দাসের দল। শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে ১০২ রানে অলআউট হয়ে ৬৩ রানে হেরে যায় টাইগাররা। ফলে এশিয়ান গেমসের ক্রিকেটে ব্রোঞ্জপদকও জেতা হলো না তাদের।
শনিবারের এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন রত্নায়েকে। এছাড়া আরাচাগে ৩৩ এবং বান্দারা করেন ১৮ রান।
বাংলাদেশের হয়ে মেহেদী হাসান, সাইফ হাসান ও মোস্তাফিজুর রহমান দুটি করে উইকেট নেন। একটি উইকেট পান রিশাদ হোসেন।
১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই বিপদে পড়ে বাংলাদেশ। নুয়ান থুসারার প্রথম পাঁচ বলে কোনো রান নিতে পারেনি সাইফ হাসান। ওভারের শেষ বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
পরের ওভারের দ্বিতীয় বলে লং অফে ক্যাচ দিয়ে আউট হন তানজিদ হাসান। তবে একই ওভারের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে বাংলাদেশের রানের খাতা খোলেন পারভেজ হোসেন।
এরপর থুসারার ইয়র্কারে বোল্ড হয়ে শূন্য রানে ফেরেন অধিনায়ক লিটন দাস। ফলে বাংলাদেশের টপ অর্ডারের তিন ব্যাটসম্যানই কোনো রান না করেই সাজঘরে ফেরেন। এতে চাপে পড়ে যায় বাংলাদেশ।
আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করা তাওহিদ হৃদয়ের ওপর তখন কিছুটা আশা থাকলেও তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। ৬ বলে ১১ রান করে আউট হন হৃদয়।
দলীয় ৫০ রানের মাথায় পরপর দুই বলে আউট হন পারভেজ হোসেন ইমন ও মেহেদী হাসান। দুজনের ক্যাচই যায় উইকেটের পেছনে। মেহেদী আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন। বল ব্যাটে লাগেনি বলে তার বিশ্বাস ছিল।
৬৪ রানে ৬ উইকেট হারানোর পর ম্যাচে ফেরার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে যায় বাংলাদেশের। সেখান থেকে ইয়াসির আলী ও নাসুম আহমেদ কিছুটা প্রতিরোধ গড়েন। ইয়াসির করেন ২১ রান। ৯ নম্বরে নামা নাসুম ২৮ বলে ২৬ রান করে পরাজয়ের ব্যবধান কমান।
শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে ১০২ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলে ৬৩ রানের জয় নিয়ে ব্রোঞ্জপদক নিশ্চিত করে শ্রীলঙ্কা।
এশিয়ান গেমসের ক্রিকেটে এবারই প্রথম বাংলাদেশের মেয়েদের ও ছেলেদের দল কোনো পদক ছাড়া ফিরছে।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৫/৯ (রত্নায়েকে ৬৫, আরাচাগে ৩৩, বান্দারা ১৮; মেহেদী ২/১৯, সাইফ ২/২৮, মোস্তাফিজ ২/৪৩, রিশাদ ১/৪৬)
বাংলাদেশ: ১৭.৩ ওভারে ১০২ (নাসুম ২৬, ইয়াসির ২১, পারভেজ ২০, হৃদয় ১১, রিশাদ ১০; থুসারা ২/১৮, রত্নায়েকে ২/১৮, ভিয়াসকান্ত ২/২৬, সাহান ২/১৭)
ফল: শ্রীলঙ্কা ৬৩ রানে জয়ী।
এমআর