images

ক্রিকেট

সূর্যকুমারের ব্যাটে যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা ভারতের

স্পোর্টস ডেস্ক

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৭ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২৯ রানে হারিয়ে শুভ সূচনা করেছে ভারত। ব্যাটিংয়ে শুরুতে ধাক্কা খেলেও অধিনায়ক সূর্যকুমার যাদবের দায়িত্বশীল ইনিংস এবং পরে বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে জয় নিশ্চিত করে টিম ইন্ডিয়া।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ব্যাটিং বিপর্যয়ের কারণে শুরুটা মোটেই স্বস্তির ছিল না ভারতের। রানের গতি বাড়াতে গিয়ে তাড়াহুড়োয় উইকেট ছুড়ে দেন অভিষেক শর্মা ও ঈশান কিষান। অভিষেক শূন্য রানে আউট হন। শ্যাডলি ফান স্কালকুইকের এক ওভারেই আউট হন ঈশান কিষান (২০), তিলক বর্মা (২৫) ও শিবম দুবে (০)। মাঝের সারিতেও বড় অবদান রাখতে পারেননি রিঙ্কু সিং (৬) ও হার্দিক পান্ডিয়া (৫)।

এমন চাপের দিনে দলের হাল ধরেন অধিনায়ক সূর্যকুমার যাদব। এক প্রান্ত আগলে রেখে খেলেন দায়িত্বশীল ও আক্রমণাত্মক ইনিংস। শেষ পর্যন্ত ৪৯ বলে অপরাজিত ৮৪ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ১০টি চার ও চারটি ছক্কা। স্ট্রাইক রেট ছিল প্রায় ১৭২। সূর্যকুমারের এই ইনিংসেই ভর করে ভারত তোলে ১৬১ রান।

১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে যুক্তরাষ্ট্র। প্রথম তিন ওভারেই ফিরে যান টপ অর্ডারের তিন ব্যাটার। মুহাম্মদ সিরাজের বলে ৬ রান করে আউট হন ওপেনার আন্দ্রিয়াস গৌস। পরের ওভারে অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলকে শূন্য রানে ফেরান অর্শদীপ সিং। নিজের দ্বিতীয় ওভারে আরেক ওপেনার সালতেজাকে (২) আউট করেন সিরাজ।

১৩/৩ স্কোর থেকে মিলিন্দ কুমার ও সঞ্জয় কৃষ্ণমূর্তি জুটি গড়ে লড়াইয়ের চেষ্টা করেন। তবে ৩৪ রানে মিলিন্দকে আউট করে জুটি ভাঙেন বরুণ চক্রবর্তী। ১৬তম ওভারে পরপর দুই বলে সঞ্জয় (৩৭) ও হরমিত সিংকে (০) ফিরিয়ে দেন অক্ষর প্যাটেল। এক প্রান্তে লড়াই চালিয়ে যাচ্ছিলেন শুভম রাঞ্জানে। তবে ইনিংসের শেষ ওভারের শেষ বলে তাকে আউট করে নিজের তৃতীয় উইকেট তুলে নেন সিরাজ।

শেষ পর্যন্ত আট উইকেটে ১৩২ রানে থেমে যায় যুক্তরাষ্ট্রের ইনিংস। তিন উইকেট নেন সিরাজ, দুটি করে উইকেট পান অর্শদীপ সিং ও অক্ষর প্যাটেল।

এমআর