স্পোর্টস ডেস্ক
০৫ জুন ২০২২, ০৮:৪১ এএম
অন্তত তৃতীয় দিন পর্যন্ত যেভাবে একের পর এক মোড় নিয়েছে লর্ডস টেস্ট, তাতে একে নাটকীয় না বলে উপায় কি! প্রথম দিনে থেকে দাপট দেখানো সফরকারী নিউজিল্যান্ড দ্বিতীয় দিনেও ছিল চালকের আসনে। দ্বিতীয় দিনশেষেও ইংল্যান্ডের পক্ষে বাজি ধরার লোক খুঁজে পাওয়া ভার, কিন্তু তৃতীয় দিনে এসেই পাশার দান নিজেদের করে নিয়েছে স্বাগতিকেরা।
তৃতীয় দিন শেষে এখন আবার কিউইদের পক্ষে জয়ের আশা দেখবেন না তেমন কেউই। আগামী যে দুই দিন হাতে আছে সে ১৮০ ওভারে মাত্র ৬১ রান করলেই জয় তুলে নিবে ইংল্যান্ড। ক্রিজে আছে ৭৭ রানের হার না মানা ইংনিস খেলা সদ্য সাবেক টেস্ট অধিনায়ক জো রুট । যেখানে তাদের উইকেট সংখ্যা ৫ টি।
গতকাল লর্ডস টেস্টের তৃতীয় দিনের শুরুটা করেছিল নিউজিল্যান্ড ৪ উইকেটে ২৩৬ রান নিয়ে, যেখানে তাদের লিড ইতোমধ্যে ২২৭। যা জানান দিচ্ছিল প্রথম ইনিংসে মাত্র ১৪১ রানে অলআউট হওয়া ইংলিশদের ওপর নিজেদের প্রভাব স্পষ্ট বড় করার। ড্যারেল মিচেল (৯৭) ও টম ব্লান্ডেল (৯০) দিন শুরু করে আশা দেখান ভালো কিছু করার। কিন্তু পঞ্চম উইকেট জুটি ১৯৫ রানে ভেঙে যাওয়ার পরই বাধে বিপত্তি। ক্যারিয়ারের দ্বিতীয় শতক করে মিচেল আউট হন ১০৮ রানে।

মিচেল শতক পেলেও ব্যক্তিগত শতক থেকে মাত্র ৪ রান দূরে থাকতেই জেমস অ্যান্ডারসনের বলে আউট হন টম ব্লান্ডেল। টানা তিন বলে ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। দুর্দান্ত ওই ওভারেই চিত্র পাল্টে দেন স্টুয়ার্ট ব্রড। গতকাল মাত্র ৪৯ রান যোগ করতেই শেষ ৬ উইকেট হারিয়ে ২৮৫ রানে অলআউট হয় কিউইরা।
জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ২৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দেন অ্যালেক্স লিস ও জ্যাক ক্রলি। উদ্বোধনী জুটিতে দুই জনে তুলে ফেলেন ৩১ রান।
পরে লিস ফিরে যান কাইল জেমিসনে বলে বোল্ড হয়ে। লাঞ্চের পরপর এই পেসারের বলে সাজঘরে ফিরে যান ক্রলিকেও। গালিতে ক্যাচ দেন তিনি। দলীয় ৩২ রানেই দ্বিতীয় উইকেটের পতন হয়।
এরপর অলি পোপ নেমেও সুবিধা করতে পারেননি। বোল্টের বলে মাত্র ১০ রান করতেই বোল্ড হন তিনি। এরপর জেমিসন নিজের তৃতীয় শিকার হিসেবে স্টাম্প এলোমেলো করে দেন জনি বেয়ারস্টোর। তখন মাত্র ৬৯ রানে ৪ উইকেট ফেলে দিয়ে ম্যাচে নিজেদের চালকের আসনে রাখেন উইলিয়ামসনেরা।
এর কয়েক ওভার পরেই কলিন ডি গ্র্যান্ডহোমের বলে বোল্ড হলেন ইংলিশদের সাদা পোশাকের নতুন দলপতি ‘বার্থডে বয়’ স্টোকস। তখন তো রীতিমতো নিউ জিল্যান্ডের খেলোয়াড়রা মেতে উঠলেন উদযাপনে। কিন্তু ভাগ্য ভালো ২০১৯ বিশ্বকাপের ফাইনাল জেতানো স্টোকসের। ‘ওভারস্টেপ’ এর কারণে তৃতীয় আম্পায়ার নো বল ডাকেন ডেলিভারিটি।

তখন মাত্র ১ রানে ক্রিজে ছিলেন তিনি। জীবন পেয়ে সুযোগটা দারুণভাবে কাজে লাগান স্টোকস। ৫৪ রান করে প্যাভিলিয়নে ফিরেন। যে ওভারে নিজের ফিফটি পূর্ণ করেন স্টোকস, ওই ওভারেই জেমিসনের বাউন্সারে কিপারের গ্লাভসে ধরা পড়েন তিনি।
ভেঙে যায় পঞ্চম উইকেটে ১৮১ বল থেকে ৯০ রানের জুটি। দলের রান তখন ১৫৯ । এরপর রুট ফিফটি করেন ১০৭ বলে। বেন ফোকসের সঙ্গে দিন শেষ করেন সাবেক এ অধিনায়ক অবিচ্ছিন্ন ৫৭ রানের জুটিতে। ফোকস অপরাজিত আছেন ৯ রানে।
এসও