images

স্পোর্টস

ঘরের মাঠে মেসি–এমবাপ্পেদের হার

স্পোর্টস ডেস্ক

০৩ এপ্রিল ২০২৩, ০৪:১১ এএম

ঘরের মাঠে হেরে চলেছে পিএসজি। রেনের কাছে ০–২ গোলে হারার পর আজ লিওঁ এর কাছে হেরেছে মেসি–এমবাপ্পেরা। বারকোলার গোলে ১–০ গোলে জিতেছে লিওঁ।

ম্যাচের ৫৬ মিনিটে দারুণ এক আক্রমণ থেকে গোল পায় লিওঁ। থিয়াগো মেন্দেস ডান পাশ থেকে এগিয়ে যাওয়া সায়েল কুমবেদিকে ক্রস দিয়েছিলেন। কুমবেদি বলটাকে আবার ঠেলে দেন বাঁ পাশে। বদলি ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলা দোন্নারুম্মাকে উল্টো পাশে ছিটকে ফেলে জালে জড়ান বল।

১১ মিনিট পর আবারও দলকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন আমিন সারের বদলি হিসেবে ২৪ মিনিটেই মাঠে নামা বারকোলা। তবে এবার ২০ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ডকে গোল পেতে দেননি দোন্নারুম্মা।

ম্যাচের শেষ দিকে পিএসজি চেষ্টা করেও গোল পায়নি। মৌসুমে পঞ্চম ও টানা দ্বিতীয় হার নিয়েই মাঠ ছাড়তে হলো দলটিকে।

এই হারের পরও লিগ টেবিলের শীর্ষেই আছে পিএসজি। ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট প্যারিসের দলটির। দ্বিতীয় স্থানে থাকা লাঁসের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে পিএসজি। অন্যদিকে অঘটন ঘটিয়ে পয়েন্ট তালিকায় নয়ে উঠে এসেছে অলিম্পিক লিওঁ। ২৯ ম্যাচে ৪৪ পয়েন্ট দলটির।

এমএইচটি