Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

বার্সেলোনায় ১৬ বছরের তুনকারার ভবিষ্যত নিয়ে আশাবাদী ফ্লিক

স্পোর্টস ডেস্ক

২৯ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম

স্পেনের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ দলের তারকা ফুটবলার এব্রিমা তুনকারা। তরুণ বয়সেই ফুটবলের বিশ্বমঞ্চে আলোচনায় তিনি। তাকে নিয়ে সম্প্রতি মন্তব্য করেছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। লা লিগা চ্যাম্পিয়নদের হয়ে তুনকারার ভবিষ্যত বেশ উজ্জ্বল হবে বলেই মন্তব্য করেছেন ক্লাবটির প্রধান কোচ ফ্লিক।

১৬ বছর বয়সি অ্যাটাকিং মিডফিল্ডার তুনকারা শুক্রবার (২৭ নভেম্বর) কাতারে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে স্পেনের ২-০ গোলের জয়ে একটি গোল করেন; যার মাধ্যমে গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটিতেই জিতে শতভাগ সাফল্যের সাথে নকআউট পর্ব নিশ্চিত করে স্পেন।

গত মৌসুমেই তুনকারাকে প্রথমবারের মতো বার্সার সিনিয়র দলের সাথে অনুশীলনের জন্য ডেকেছিলেন ফ্লিক। এই কিশোর ফুটবলারের উন্নতি নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলতে না চাইলেও তাঁর ভবিষ্যৎ নিয়ে যে উচ্চাশা পোষণ করছেন, তা অকপটেই স্বীকার করেছেন জার্মান এই কোচ।

লা লিগায় দেপোর্তিভো লা করুনিয়ার মাঠে অ্যাওয়ে ম্যাচের আগে শনিবার (২৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, "আমার মতে, এব্রিমা একজন দারুণ প্রতিভা। গত মৌসুমে যখন সে আমাদের সাথে অনুশীলন করেছিল, তখন আমরা তাদেখেছি- পাশাপাশি এ বছরের প্রাক-মৌসুম প্রস্তুতিতেও (প্রিসিজন) দেখেছি। সে একজন চমৎকার খেলোয়াড়, অসাধারণপ্রতিভা। আমি মনে করি এবং আমি খুব বেশি কিছু বলতে চাই না, তবে আমি মনে করি এই ক্লাবে তাঁর একটি বড় ভবিষ্যৎরয়েছে।"

সাত বছর বয়সে গাম্বিয়া থেকে কাতালোনিয়ায় পাড়ি জমান তুনকারা। এক বছর পর, মাত্র আট বছর বয়সে বার্সেলোনার বিখ্যাত ‘লা মাসিয়া’ একাডেমিতে যোগ দেন। ফ্লিক দীর্ঘদিন ধরেই এই তরুণের খেলার ভক্ত; এবারের প্রাক-মৌসুমে বার্মিংহাম সিটি, উদিনেসে এবং এফসি বাসেলের বিপক্ষে তিনটি প্রীতি ম্যাচে খেলার সুযোগও পেয়েছিলেন তিনি। 

এ ছাড়া সাম্প্রতিক সময়ে আতলেতিকো মাদ্রিদ এবং আলাভেসের বিপক্ষে লা লিগার ম্যাচে বার্সার বদলি বেঞ্চেও ছিলেন তুনকারা, যদিও কোনো ম্যাচেই মাঠে নামার সুযোগ পাননি এবং এখনো মূল দলের হয়ে প্রতিযোগিতামূলক অভিষেকের অপেক্ষায় রয়েছেন।

চলতি অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে চীনের (চায়না পিআর) বিপক্ষে স্পেনের ৫-০ গোলের উদ্বোধনী জয়ে একটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছিলেন তুনকারা। তবে ফিজির বিপক্ষে স্পেনের ১৫-০ গোলের বিশাল জয়ের ম্যাচে একাদশে বেশ কিছু পরিবর্তন আনায় তাঁকে বিশ্রামে রাখা হয়েছিল। 

শুক্রবার মরক্কোর বিপক্ষে একাদশে ফিরেই ম্যাচের প্রথম গোলটি করেন তিনি, যার সুবাদে আগামী সোমবার রাউন্ড অব ৩২-এ উজবেকিস্তানের মুখোমুখি হওয়া নিশ্চিত করেছে স্পেন।