স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম
শনিবার (২৮ নভেম্বর) প্যারাগুইয়ান ফরোয়ার্ড রামোন সোসার জয়সূচক গোলে আর্জেন্টিনার ক্লাব এস্তুদিয়ান্তেসকে ১-০ ব্যবধানে হারিয়ে নিজেদের ইতিহাসে চতুর্থবারের মতো কোপা লিবার্তাদোরেসের শিরোপা জিতেছে ব্রাজিলের পালমেইরাস।
উরুগুয়ের মন্টেভিডিওর ঐতিহ্যবাহী এস্তাদিও সেন্টেনারিওতে ম্যাচের ৫২তম মিনিটে গোলটি করেন সোসা; যার মাধ্যমে দক্ষিণ আমেরিকার শীর্ষ এই ক্লাব প্রতিযোগিতায় ব্রাজিলের আধিপত্য আরও দীর্ঘায়িত হলো।
৫৮ বছর আগে যে মাঠে আর্জেন্টিনার এস্তুদিয়ান্তেস দে লা প্লাতার কাছে হেরে হৃদয় ভেঙেছিল, সেই মন্টেভিডিওর ঐতিহাসিক সেন্টেনারিও স্টেডিয়ামেই মধুর প্রতিশোধ নিয়ে চতুর্থবারের মতো কোপা লিবার্তাদোরেসের শিরোপা জিতে নিল ব্রাজিলের পালমেইরাস। আর এই ১-০ গোলের জয়ে মহাদেশীয় ক্লাব ফুটবলের সর্বকালের শিরোপা তালিকায় আর্জেন্টিনাকে (২৫) টপকে ২৬ শিরোপা নিয়ে শীর্ষে উঠে এল ব্রাজিল।
বিরতির পরপরই কাঙ্ক্ষিত এই গোলের দেখা পায় পালমেইরাস। বাঁ প্রান্ত থেকে আর্থার গ্যাব্রিয়েলের বাড়ানো ক্রস কলম্বিয়ান উইঙ্গার জন আরিয়াস ফ্লিক করলে খুব কাছ থেকে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ান সোসা। এর আগে প্রথমার্ধেও এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছিল পালমেইরাস, তবে লুকাস ইভানজেলিস্তার নেওয়া শট এস্তুদিয়ান্তেস ডিফেন্ডার মার্কোস রোহোর গায়ে লেগে দিক পরিবর্তন করে গোলপোস্টে আঘাত হানে।
পিছিয়ে পড়ার পর সমতা ফেরাতে মরিয়া হয়ে আক্রমণ চালায় এস্তুদিয়ান্তেস। গুইদো ক্যারিলো একটি দুর্দান্ত ওভারহেড কিকে গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, কিন্তু দারুণ দক্ষতায় তা রুখে দেন পালমেইরাস গোলরক্ষক কার্লোস মিগুয়েল। এরপর ম্যাচের ৭৪তম মিনিটে এডউইন সেত্রের একটি হেডও ঠেকিয়ে দেন মিগুয়েল, আর ম্যাচের শেষ দিকে তিয়াগো প্যালাসিওসের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
শেষ পর্যন্ত লিড ধরে রেখে নিজেদের চতুর্থ মহাদেশীয় শিরোপা নিশ্চিত করে পালমেইরাস। এর আগে ১৯৯৯, ২০২০ এবং ২০২১ সালে এই ট্রফি জিতেছিল তারা। একইসাথে এই জয়ের মাধ্যমে ২০১৯ সাল থেকে টানা অষ্টমবারের মতো ব্রাজিলের কোনো ক্লাবের ঘরে উঠল কোপা লিবার্তাদোরেসের শিরোপা, যা দক্ষিণ আমেরিকান ক্লাব ফুটবলে দেশটির একচ্ছত্র আধিপত্যকে আরও সুসংহত করল।