Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

‘লালা’ ফিরুক, ‘স্যান্ডপেপারগেট’ ভুলে এগিয়ে যেতে বলছেন কুক

স্পোর্টস ডেস্ক

২৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পিএম

ক্রিকেটের পুরোনো বিতর্ক আর কত দিন বয়ে বেড়াবে! অতীতের ভুল নিয়ে পড়ে না থেকে খেলাটির ভবিষ্যৎ উন্নয়নে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক। তাঁর মতে, টেস্ট ক্রিকেটকে আকর্ষণীয় করতে ফিরিয়ে আনতে হবে প্রাণবন্ত উইকেট। পাশাপাশি বল উজ্জ্বল করতে লালা ব্যবহারের নিষেধাজ্ঞাও তুলে নেওয়া উচিত।

ভারতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ২০১৮ সালের কেপটাউন টেস্টের বল টেম্পারিং বিতর্ক নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন কুক। ‘স্যান্ডপেপারগেট’ নামে পরিচিত সেই ঘটনায় অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট শাস্তি পেয়েছিলেন।

কুকের মতে, ঘটনাটির বিচার ও শাস্তির প্রক্রিয়া শেষ হয়েছে। তাই পুরোনো বিষয় নিয়ে বারবার আলোচনা না করে ক্রিকেটের সামনে এগিয়ে যাওয়া প্রয়োজন। তিনি বলেন, ‘স্যান্ডপেপারগেট নিয়ে কথা বলতে বলতে সবাই এখন ক্লান্ত। যা হওয়ার হয়ে গেছে, বিষয়টি খতিয়ে দেখার জন্য তাদের নিজস্ব ব্যবস্থা রয়েছে। সত্যিই চাই না এটি থেকে আর কোনো নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি হোক।’

বল উজ্জ্বল করতে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষেও মত দিয়েছেন সাবেক এই ইংলিশ ব্যাটার। তাঁর ভাষায়, এতে কোনো সমস্যা নেই; বরং নিয়মটি ফিরলে তিনি খুশি হবেন।

এছাড়া টেস্ট ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে ভালো ও প্রাণবন্ত পিচ তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন কুক। তাঁর মতে, ড্রপ-ইন পিচসহ উইকেটের মান উন্নয়নে বিনিয়োগ বাড়ানো গেলে বোলার ও ব্যাটারদের মধ্যে ভারসাম্য ফিরবে। এতে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে টেস্ট ক্রিকেট।