Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

ধ্বংসস্তূপের মাঠে ফুটবল, হার না মানার বার্তা গাজাবাসীর

স্পোর্টস ডেস্ক

২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পিএম

চারদিকে যুদ্ধের ক্ষত, বিধ্বস্ত ভবন আর ধ্বংসস্তূপ। এমন পরিস্থিতিতেও ফুটবলের টানে আবার এক জায়গায় জড়ো হয়েছেন ফিলিস্তিনের তরুণ ও সাধারণ মানুষ। বালুময় মাঠে বলের প্রতিটি ছোঁয়ায় যেন ফিরে এসেছে হারিয়ে যাওয়া স্বাভাবিক জীবনের কিছুটা আনন্দ।

ফিলিস্তিনের দক্ষিণ গাজার খান ইউনিসে শুক্রবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে স্থানীয় ২০টি দলের ফুটবল টুর্নামেন্ট। একটি পুরোনো গাড়ির ডিপোর খোলা জায়গায় আয়োজিত এ খেলায় প্রায় দুই হাজার দর্শক উপস্থিত ছিলেন। অনেকে ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে, আবার কেউ মাঠের পাশে বসে খেলা উপভোগ করেন।

যুদ্ধের কারণে প্রায় তিন বছর ধরে শহরটিতে ফুটবল কার্যক্রম বন্ধ ছিল। ক্ষতিগ্রস্ত মাঠ ও সরঞ্জামের সংকটের মধ্যেই 'ইয়েলো লাইন'-এর কাছাকাছি এই আয়োজন করা হয়।

একটি দলের কোচ নাহিদ আবদিন আনাদোলুকে বলেন, 'আমরা যে ফুটবল খেলি এবং খেলার যে চেতনা, তা দিয়েও যুদ্ধের বিরুদ্ধে লড়াই করি।' তবে ইসরায়েলি সামরিক অবস্থানের কাছে খেলা আয়োজন ঝুঁকিপূর্ণ বলেও জানান তিনি।

খান ইউনিসের মেয়র আলা আল-দিন আল-বাত্তা বলেন, 'আমরা বিশ্বের অন্য মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করতে চাই, খেলাধুলা করতে চাই এবং দৈনন্দিন কাজ করতে চাই।'

এদিকে গাজার ক্রীড়াঙ্গনের ক্ষয়ক্ষতিও ভয়াবহ। ফিলিস্তিন স্পোর্টস মিডিয়া ফেডারেশনের মহাসচিব মুস্তাফা সিয়ামের তথ্য অনুযায়ী, যুদ্ধে ক্রীড়া, যুব ও স্কাউটিং কার্যক্রমের সঙ্গে যুক্ত ১ হাজার ১৪ জন নিহত হয়েছেন। ধ্বংস হয়েছে ২৬৫টির বেশি ক্রীড়া স্থাপনা। সরঞ্জামের সংকট ও বিধিনিষেধের কারণে পুনর্গঠনও ব্যাহত হচ্ছে।