স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০২৬, ১১:৩৪ এএম
লা লিগার শিরোপার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সময়ে হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠে আলাভেসের কাছে ২-১ গোলের পরাজয়ে পয়েন্ট হারানোর পাশাপাশি রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন রিয়াল কোচ হোসে মরিনহো। বিশেষ করে জুড বেলিংহামের পেনাল্টির আবেদন নাকচ এবং দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ার ঘটনায় ক্ষোভ ঝরেছে তার কণ্ঠে। তবে দলের হারের জন্য রেফারিকে দায়ী করতে রাজি নন এই কোচ।
ম্যাচ শেষে এ নিয়ে মরিনহো বলেন, ‘জুড বলেছে, এটা পেনাল্টি ছিল। ম্যাচ শেষে সে আমাকে কথাটা বলেছে। একজন খেলোয়াড় যখন বলে এটা পেনাল্টি, তখন আমারও মনে করতে হয় যে এটা পেনাল্টি। খেলোয়াড়কে বিশ্বাস করতে হয়। আইপ্যাডে রিপ্লে দেখার সময় আমার মনে হয়েছিল, পেনাল্টির দাবিটা হয়তো একটু বাড়াবাড়ি ছিল। তবে জুড আমাকে যা বলেছে, সেটাও আমি বিশ্বাস করি।’
রেফারির আগের সিদ্ধান্তগুলোর প্রসঙ্গ টেনে মরিনহো আরও বলেন, ‘দুই মৌসুম আগে এই রেফারি এমবাপ্পেকে মাঠ থেকে বের করে দিয়েছিলেন। গত মৌসুমে ভিনিসিয়ুসকে, আর এবার জুড বেলিংহামকে। দেখা যাক, আগামী মৌসুমে কোর্তোয়া তার শিকার হয় কি না। আমার মনে হয়, এই রেফারি নিজের ক্ষমতা দেখাতে পছন্দ করেন।’
তবে দলের ব্যর্থতা স্বীকার করে মরিনহোর বক্তব্য, ‘আমি অবশ্যই রাগান্বিত ছিলাম এবং রেফারির কাজ আমার ভালো লাগেনি। কিন্তু আমরা রেফারির কারণে হারিনি।’
এদিকে আগের পাঁচ ম্যাচে চার গোল করা বেলিংহামের মাঠ ছাড়ার ঘটনা রিয়ালের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। এই পরাজয়ে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে পড়েছে তারা। দেপোর্তিভো লা কোরুনিয়ার বিপক্ষে আজ রাত ৯টা ১৫ মিনিটে খেলবে বার্সেলোনা। জয় পেলে ব্যবধান বেড়ে দাঁড়াবে ছয় পয়েন্টে।