স্পোর্টস ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬, ১১:৫৩ এএম
ইতালির সিরি আ লিগে কোমোর হয়ে আলো ছড়ানো ২২ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড নিকো পাজকে দলে ভেড়াতে জোর চেষ্টা চালাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রুনো ফের্নান্দেসের সম্ভাব্য বিকল্প হিসেবে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি এই তরুণ তারকাকে দেখছে বলে গুঞ্জন উঠেছে। লিওনেল মেসির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আর্জেন্টিনায় পরিচিত এই মিডফিল্ডার বা ফরোয়ার্ডকে নিয়ে এখন ইউরোপের ফুটবলে বেশ আলোচনা চলছে।
ইংলিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিকো পাজ স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে ফিরে যাওয়ার বদলে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলতে বেশি আগ্রহী। ২০২৪ সালের আগস্টে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান ক্লাব কোমোতে যোগ দেওয়ার পর থেকেই দারুণ ছন্দে রয়েছেন তিনি। তবে রিয়াল মাদ্রিদের সঙ্গে পুরোনো চুক্তির শর্ত অনুযায়ী, আগামী গ্রীষ্মে ৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে আবারও নিজেদের ডেরায় ফেরানোর অধিকার রাখে স্প্যানিশ জায়ান্টরা।
গত গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদে ফেরার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন পাজ। তার ধারণা, মাদ্রিদে ফিরলে একাদশে নিয়মিত বা গুরুত্বপূর্ণ ভূমিকা পাওয়ার সম্ভাবনা কম থাকবে, তাই নতুন ঠিকানা খুঁজছেন তিনি। সেই তালিকায় ওপরের দিকেই রয়েছে ইউনাইটেডের নাম। আর্জেন্টিনায় ‘আগামীর মেসি’ তকমা পাওয়া এই ফুটবলার ওল্ড ট্রাফোর্ডে গেলে কিংবদন্তির স্মৃতিবিজড়িত ১০ নম্বর জার্সিও পেতে পারেন।
অন্যদিকে ৩২ বছর বয়সী পর্তুগিজ তারকা ব্রুনো ফের্নান্দেসের বর্তমান চুক্তির মেয়াদ আগামী গ্রীষ্মে শেষ হচ্ছে। যদিও চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর অপশন ইউনাইটেডের হাতে রয়েছে, তবে ফের্নান্দেস জানিয়েছেন যে নতুন চুক্তি নিয়ে আলোচনা আপাতত বন্ধ রাখা হয়েছে। এদিকে, প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে বর্তমানে ১৯তম স্থানে ধুঁকছে রেড ডেভিলসরা, যা দলবদলের বাজারে তাদের নতুন পরিকল্পনা আরও জরুরি করে তুলেছে।