স্পোর্টস ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পিএম
ফুটবলের মাঠে কত ঘটনাই তো ঘটে, তবে এবার যা হল তেমনটা দেখা যায়নি আর কখনোই। রেফারি হান্না হাত্তাবের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ম্যাচ পরিচালনার অভিযোগ ওঠার পর প্রথমার্ধের বিরতিতে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়াকে কেন্দ্র করে এক নজিরবিহীন বিতর্কের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। বুধবার (২৫ নভেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর আল জাজিরা ও গোল গোহারের মধ্যকার ম্যাচে এই অদ্ভুত ঘটনা ঘটে যেখানে ওই রেফারি দায়িত্বে বহাল থাকলে ম্যাচ বর্জনের হুমকি দিয়েছিল সফরকারী ইরানি ক্লাবটি।
বিতর্কের সূত্রপাত হয় ম্যাচের ৩২তম মিনিটে। গোল গোহারের মিডফিল্ডার আলী আসগর আশুরিকে ফাউল করার পর এক বিস্ময়কর সিদ্ধান্ত নেন সিরীয় রেফারি হাত্তাব। তিনি প্রথমে খেলা থামান এবং এরপর ঘটনার সাথে কোনো ধরনের সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও আল জাজিরার গোলরক্ষক এরসিন দেস্তানোগলুকে ডেকে এনে অবাক করে দিয়ে হলুদ কার্ড দেখান। রেফারির এই সিদ্ধান্তে দুই দলের খেলোয়াড়রাই স্পষ্টতই হতভম্ব হয়ে পড়েন; অবশ্য শেষ পর্যন্ত চতুর্থ রেফারির সাথে পরামর্শ করে সেই কার্ডটি প্রত্যাহার করে নেন তিনি।
তবে এই ঘটনা গোল গোহারের ডাগআউটে তীব্র ক্ষোভের জন্ম দেয়। রেফারির আচরণ নিয়ে প্রশ্ন তোলার সময় দলটির প্রধান কোচ মেহদি রহমতিকে চিৎকার করে বলতে শোনা যায়, "সে মদ্যপ!" রেফারিং নিয়ে ইরানি ক্লাবটির হতাশা ক্রমেই বাড়তে থাকে এবং তারা ম্যাচ অফিশিয়াল ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। তবে মদ্যপানের এই অভিযোগ এখনো যাচাই করা সম্ভব হয়নি।
প্রথমার্ধের বিরতির সময় পরিস্থিতি আরও চরম আকার ধারণ করে, যখন গোল গোহার হুঁশিয়ারি দেয় যে হাত্তাবকে পরিবর্তন করা না হলে তাদের খেলোয়াড়রা দ্বিতীয়ার্ধে মাঠে নামতে অস্বীকৃতি জানাবে। এই হস্তক্ষেপের পর দ্বিতীয়ার্ধে আর মাঠে ফেরেননি সিরীয় রেফারি এবং বাকি অংশের ম্যাচ পরিচালনার দায়িত্ব নেন চতুর্থ রেফারি। এই পরিবর্তনের পর ম্যাচটি পুনরায় শুরু হওয়ায় সম্ভাব্য পরিত্যক্ত হওয়ার হাত থেকে রক্ষা পায়।
ম্যাচ শেষে এই নজিরবিহীন পরিস্থিতি নিয়ে কথা বলেন গোল গোহারের টিম ম্যানেজার হায়দার আফসারি। তিনি দাবি করেন, "আল জাজিরার বিপক্ষে ম্যাচে রেফারি স্বাভাবিক অবস্থায় ছিলেন না, এমনকি আল জাজিরার খেলোয়াড়রাও আমাদের একই কথা বলেছে।" তিনি আরও জানান, ক্লাবটি তাৎক্ষণিকভাবে ম্যাচ অফিশিয়ালদের বিষয়টি অবহিত করেছিল এবং পরিস্থিতি অপরিবর্তিত থাকলে দল খেলা চালিয়ে যাবে না বলে সতর্ক করে দিয়েছিল।
আফসারি আল জাজিরার মিডফিল্ডার জোয়াও মিলসনকে ঘিরে আরেকটি বিতর্কিত সিদ্ধান্তের অভিযোগ তুলে দাবি করেন, দ্বিতীয়বার ফাউল করার পর ওই খেলোয়াড়ের লাল কার্ড দেখে মাঠ ছাড়ার কথা ছিল। কিন্তু টিম ম্যানেজারের ভাষ্যমতে, রেফারি তার বদলে প্রতিপক্ষ গোলরক্ষকের নামে কার্ডটি লিপিবদ্ধ করেন। এতসব বিতর্ক সত্ত্বেও ম্যাচের ৪০তম মিনিটে অ্যান্ডারসন তালিস্কার করা জয়সূচক গোলে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে আল জাজিরা।