স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পিএম
‘নেগ্রেইরা’ রেফারিং কেলেঙ্কারি নিয়ে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের করা মন্তব্যের জেরে বুধবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত সমঝোতা শুনানিতে (কনসিলিয়েশন হিয়ারিং) কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। কাতালান ক্লাবটির একটি সূত্র বার্তা সংস্থা এএফপি-কে এই তথ্য নিশ্চিত করেছে।
গত মে মাসে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা রেফারিদের কাছ থেকে অনৈতিক সুবিধা পাওয়ার ষড়যন্ত্র করেছিল বলে অভিযোগ তুলেছিলেন পেরেজ; এরই প্রেক্ষিতে গত ১২ জুন পেরেজের বিরুদ্ধে মামলা দায়ের করে বার্সেলোনা।
সে সময় আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়ে বার্সেলোনা জানিয়েছিল, "এই মামলার মূল উদ্দেশ্য হলো জনাব পেরেজ যেন তাঁর করা কিছু বক্তব্য প্রত্যাহার করেন, যেগুলো তিনি মিথ্যা জেনেই করেছেন এবং যা ক্লাবের ভাবমূর্তি ও সম্মানের জন্য মানহানিকর ও অপমানজনক।" জুনে বার্সা আরও যোগ করেছিল, "যদি এই মামলার যথাযথ নিষ্পত্তি না হয়, তবে বার্সেলোনা মানহানির অভিযোগে সংশ্লিষ্ট ফৌজদারি মামলা দায়েরের পথে এগোবে।"
বুধবারের শুনানির আগে বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা সাংবাদিকদের বলেন, "যখন কেউ কোনো মন্তব্য করেন এবং তিনি ভুল করে থাকেন বা কথা বলার সীমা ছাড়িয়ে যান, তখন একটি সমঝোতা শুনানি তাঁকে সেগুলো সংশোধন করার সুযোগ দেয়। যদি সেই সুযোগ গ্রহণ না করা হয়, তার মানে আমরা এর পেছনে অসৎ উদ্দেশ্য দেখছি এবং আমাদের আইনি প্রক্রিয়া চালিয়ে যেতে হবে।"
সমঝোতা বৈঠক ব্যর্থ হওয়ায় এখন নিজের মন্তব্যের জন্য পেরেজের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করতে পারে বার্সা। কাতালান ক্লাবটির ক্ষোভের মূল কারণ ছিল গত ১২ মে-র একটি সংবাদ সম্মেলন- যেখানে পেরেজ রিয়াল মাদ্রিদের সভাপতি নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন (যে নির্বাচনে তিনি পরবর্তীতে জয়ী হন)। ওই সংবাদ সম্মেলনেই তিনি ‘নেগ্রেইরা মামলা’ নামে পরিচিত বিষয়টি নিয়ে বার্সার বিরুদ্ধে তাঁর অভিযোগগুলো পুনর্ব্যক্ত করেছিলেন।
উল্লেখ্য, স্পেনের রেফারিং পর্ষদের সাবেক দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা হোসে মারিয়া এনরিকেজ নেগ্রেইরার মালিকানাধীন কোম্পানিগুলোকে প্রায় দুই দশক ধরে বার্সেলোনা প্রায় ৭.৫ মিলিয়ন ইউরো (৮.২ মিলিয়ন ডলার) পরিশোধ করেছিল বলে যে অভিযোগ উঠেছে, স্প্যানিশ আদালত বর্তমানে তার তদন্ত করছে। এই অর্থ কোনো প্রতিযোগিতামূলক সুবিধা আদায়ের জন্য ব্যবহার করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে বার্সেলোনা বরাবরই এই অভিযোগ অস্বীকার করে দাবি করে আসছে যে, অর্থগুলো কেবল রেফারিদের বিশ্লেষণধর্মী প্রতিবেদনের জন্যই দেওয়া হয়েছিল।