স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পিএম
লর্ডস বা ওভালের মঞ্চে কে খেলবে ২০২৭ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেই প্রশ্ন এখন ক্রিকেটের সবচেয়ে বড় আলোচ্য বিষয়। ২০২৫-২৭ সাইকেলের বেশিরভাগ ম্যাচ শেষ হলেও এখনো দুই ডজনের কাছাকাছি টেস্ট বাকি। এই ম্যাচগুলোই নির্ধারণ করবে কোন দুই দল চূড়ান্ত লড়াইয়ে জায়গা পাবে।
বর্তমান পয়েন্ট টেবিলে শীর্ষে দক্ষিণ আফ্রিকা। আট ম্যাচে ছয় জয় আর দুই হারে তাদের পয়েন্ট শতাংশ ৭৫। বাকি ম্যাচগুলোতে ভালো ফল করলে তারা সহজেই ফাইনালের দিকে এগিয়ে যেতে পারে। চার জয় পেলেই তাদের অবস্থান আরও মজবুত হবে। তবে কয়েকটা হার হলে শতাংশ কিছুটা কমে যেতে পারে।
দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। ১৩ ম্যাচে নয় জয় আর চার হারে তাদের পয়েন্ট শতাংশ প্রায় ৬৯। সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে চার টেস্ট এবং ভারত সফরে পাঁচ ম্যাচের সিরিজ রয়েছে। ছয় জয় পেলে তাদের অবস্থান শক্তিশালী থাকবে, কম জয় হলে চাপ বাড়বে।
তৃতীয় স্থানে নিউজিল্যান্ড। সাত ম্যাচে চার জয়, এক হার ও দুই ড্রয়ে তাদের শতাংশ প্রায় ৬৭। সামনে ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ রয়েছে। পাঁচ জয় বা চার জয়সহ কয়েকটা ড্র পেলে তারা ৬০ শতাংশের ওপরে থাকতে পারবে। তবে ফাইনাল নিশ্চিত করতে ৬৫ শতাংশের কাছাকাছি পয়েন্ট দরকার হতে পারে।
ভারতের অবস্থা একটু পিছিয়ে। ১২ ম্যাচে পাঁচ জয়, চার হার ও তিন ড্রয়ে তাদের শতাংশ ৫০। বাকি ছয় ম্যাচে সবকটিতে জিতলে সর্বোচ্চ প্রায় ৬৭ শতাংশ পর্যন্ত উঠতে পারে। পাঁচ জয় পেলেও ৬০-এর ঘরে থাকবে। তাই আর কোনো পয়েন্ট হারানোর সুযোগ নেই বললেই চলে।
আগের সাইকেলগুলোতে ফাইনালিস্টরা সাধারণত ৬৫ শতাংশের আশেপাশে পয়েন্ট নিয়েই চূড়ান্ত মঞ্চে পৌঁছেছিল। এবারও সেই ধরনের শতাংশই নিরাপদ লক্ষ্য বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ, ইংল্যান্ডসহ অন্য দলগুলোর সম্ভাবনা মূলত শীর্ষ দলগুলোর ফলাফলের ওপর নির্ভর করছে। কেউ যদি টানা হারতে থাকে, তাহলে পিছনের দলগুলোর জন্য সুযোগ তৈরি হতে পারে।