Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

১১৫ দিনে ৩৯ বার ব্যক্তিগত বিমানে ভ্রমণ ইনফান্তিনোর, নেপথ্যে কী?

স্পোর্টস ডেস্ক

২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পিএম

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মাত্র ১১৫ দিনে ৩৯টি প্রাইভেট জেট ভ্রমণের মাধ্যমে ৩২টি দেশ সফর করেছেন এবং ১ লাখ ২ হাজার ৮০০ এয়ার মাইলেরও বেশি পথ পাড়ি দিয়েছেন। বিবিসি স্পোর্টের এক অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে, যা আগামী বছরের ফিফা সভাপতি নির্বাচনের আগে তাঁর বিরুদ্ধে সংস্থার সম্পদ ব্যবহারের গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে।

অনুসন্ধানে দেখা গেছে, আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে ইনফান্তিনো আকাশপথে মোট ২১৩ ঘণ্টা ৪৯ মিনিট কাটিয়েছেন, যা প্রায় নয় দিনের সমান। ২০২৫ সালের একই সময়ের তুলনায় এ বছর তিনি প্রায় দ্বিগুণ সংখ্যক দেশ সফর করেছেন।

'ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ' (এফএফই) নামক একটি পরিকল্পনার অধীনে বিশ্বকাপ ও অন্যান্য প্রতিযোগিতার অংশীদারত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার বিতর্কিত প্রস্তাব থেকে ফিফা সরে আসার পরপরই ইনফান্তিনোর এই ব্যাপক সফর শুরু হয়। ব্যাপক সমালোচনার মুখে পরিকল্পনাটি বাতিল হওয়ার আগে ইনফান্তিনো ফিফার সবকটি (২১১টি) সদস্য অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তারা এই পরিকল্পনায় সমর্থন দিলে প্রত্যেককে ৪ কোটি (৪০ মিলিয়ন) ডলার করে দেওয়া হবে।

ফিফার গভর্ন্যান্স কমিটির সাবেক প্রধান মিগুয়েল মাদুরো বিবিসিকে বলেন, ইনফান্তিনোর এই সফরগুলো ছিল "তাঁর নির্বাচনী প্রচারণারই অংশ"। তিনি যুক্তি দেন যে, নির্বাচনী প্রচারণার তহবিল নিয়ন্ত্রণ এবং সভাপতি প্রার্থীদের দ্বারা সাংগঠনিক সম্পদ ব্যবহারের ওপর স্বাধীন নজরদারির কোনো নিয়মই ফিফার নেই। উয়েফার সাবেক প্রধান নির্বাহী লার্স-ক্রিস্টার ওলসনও এই ভ্রমণগুলোর অর্থায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন এবং জানতে চেয়েছেন যে এই অর্থ সদস্য অ্যাসোসিয়েশনগুলোর উন্নয়নে আরও ভালোভাবে ব্যয় করা যেত কি না।

ফ্লাইট-ট্র্যাকিং রেকর্ড এবং জেটের নিবন্ধন তথ্য ব্যবহার করে বিবিসি এই ভ্রমণ তালিকা তৈরি করেছে; যেখানে প্রাইভেট জেটগুলোর পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে কাতার এয়ারওয়েজ গ্রুপের সহযোগী সংস্থা 'কাতার এক্সিকিউটিভ'-কে শনাক্ত করা হয়েছে। উল্লেখ্য, কাতার এয়ারওয়েজ গ্রুপ ফিফার অন্যতম প্রধান স্পনসর। বিবিসির এই পরিসংখ্যান নিয়ে কোনো আপত্তি জানায়নি ফিফা।

ইনফান্তিনোর এই সফরগুলোর মধ্যে ক্যারিবিয়ান ফুটবল ইউনিয়ন, ডোমিনিকান রিপাবলিক, প্যারিস এবং ইন্দোনেশিয়া সফর অন্তর্ভুক্ত ছিল। গত অক্টোবরে ফিফা আসিয়ান কাপের ফাইনাল উপলক্ষে ইন্দোনেশিয়া সফরের সময় তিনি ১৬টি ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন।

এই অনুসন্ধানে পরিবেশগত উদ্বেগের বিষয়টিও সামনে আনা হয়েছে; হিসেব অনুযায়ী এই ফ্লাইটগুলো থেকে প্রায় ১,৬৭৩ টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হয়েছে, যা ২৫২ জন মানুষের গড় বার্ষিক কার্বন নিঃসরণের সমান।

অবশ্য ইনফান্তিনোর এই সফরের পক্ষে সাফাই গেয়ে ফিফা জানিয়েছে, ২১১টি সদস্য অ্যাসোসিয়েশন এবং অন্যান্য সংস্থার সাথে সুসম্পর্ক বজায় রাখা তাঁর বিধিবদ্ধ দায়িত্ব। সংস্থাটি দাবি করেছে যে সব ভ্রমণই ফিফার নিয়ম মেনে করা হয়েছে এবং ফুটবলের উন্নয়নে নিজেদের অঙ্গীকারের প্রমাণ হিসেবে আগামী চক্রের জন্য ৬.৩৫ বিলিয়ন ডলারের বর্ধিত বিনিয়োগের কথা উল্লেখ করেছে। তবে কাতার এক্সিকিউটিভের এই ফ্লাইটগুলো উন্নয়নের জন্য বরাদ্দকৃত স্পনসরশিপ তহবিলে কীভাবে প্রভাব ফেলেছে কিংবা ইনফান্তিনো সর্বশেষ কবে বাণিজ্যিক ফ্লাইটে ভ্রমণ করেছেন- সে বিষয়ে কোনো ব্যাখ্যা দিতে অস্বীকৃতি জানিয়েছে ফিফা।