স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পিএম
ক্রিকেটে সাধারণত ক্যাপ বা ট্রফি দিয়ে সেরা পারফরম্যান্সের স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি২০) ভিন্ন পথে হেঁটেছে। সেখানে রেসলিংয়ের চ্যাম্পিয়নশিপ বেল্টের মতো পাঁচ রঙের বিশেষ বেল্ট দিয়ে খেলোয়াড় ও মালিকদের সম্মানিত করা হয়। এ উদ্যোগ লিগটিকে অন্যান্য টি-টোয়েন্টি টুর্নামেন্ট থেকে আলাদা করেছে।
পঞ্চম আসর শুরু হয়েছে ২১ নভেম্বর। ফাইনাল হবে ২০ ডিসেম্বর। এবার বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। তিনি দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন। প্রথম ম্যাচে চার ওভারে ৩৭ রান দিয়ে উইকেটবিহীন থাকলেও পরের ম্যাচগুলোতে ভালো করলে সর্বোচ্চ উইকেটশিকারির সাদা বেল্ট তার হাতে উঠতে পারে।
বেল্টগুলোর বিভাজন স্পষ্ট। সবুজ বেল্ট পায় টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। সাদা বেল্ট যায় সর্বোচ্চ উইকেটশিকারির কাছে। লাল বেল্ট মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি)-এর জন্য। নীল বেল্ট সংযুক্ত আরব আমিরাতের সেরা স্থানীয় খেলোয়াড়কে দেওয়া হয়। আর কালো বেল্ট পায় চ্যাম্পিয়ন দলের মালিক। সবুজ ও সাদা বেল্ট মৌসুমজুড়ে হাতবদল হয়। তালিকায় শীর্ষস্থান পরিবর্তন হলে বেল্টও নতুন শীর্ষে থাকা খেলোয়াড়ের কাছে চলে যায়।
বেল্টগুলো তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ওয়াইল্ডক্যাট বেল্টস, যারা ডব্লিউডব্লিউইর চ্যাম্পিয়নশিপ বেল্টও বানায়। শক্ত ধাতুর মূল প্লেটে সোনার প্রলেপ, ওজন প্রায় সাড়ে সাত কেজি এবং দৈর্ঘ্য প্রায় ৫ ফুট ৭ ইঞ্চি। মূল চ্যাম্পিয়নশিপ ট্রফি তৈরি করেছে লন্ডনের টমাস লাইট।
লিগের কৌশল ও পরিকল্পনা বিভাগের প্রধান ভেঙ্কটেশ শ্রীধর টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, অনেকে জানতে চেয়েছেন ক্রিকেটে রেসলিংয়ের বেল্ট কেন দেওয়া হচ্ছে। আমাদের পাল্টা প্রশ্ন ছিল, ‘কেন নয়?’
এই অনন্য পুরস্কার ব্যবস্থা আইএলটি২০-কে আলাদা পরিচিতি দিয়েছে। মুস্তাফিজ যদি উইকেট শিকারে এগিয়ে যান, তবে সাদা বেল্টের লড়াইয়ে বাংলাদেশের নামও যুক্ত হতে পারে।