Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

সর্বোচ্চ ভিত্তিমূল্যে ২০২৭ আইপিএল নিলামে নাম লেখালেন স্টোকস

স্পোর্টস ডেস্ক

২৫ নভেম্বর ২০২৬, ০১:০৩ পিএম

দীর্ঘ বিরতির পর আবারও আইপিএলের মঞ্চে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। ২০২৭ সালের আইপিএল নিলামে নিজের নাম নিবন্ধন করেছেন তিনি। এবার তার ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ কোটি ৬৯ লাখ টাকা।

আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় বসবে আইপিএলের নিলাম। সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় স্টোকসসহ রয়েছেন ২৯ ক্রিকেটার। তাদের মধ্যে ভারতের প্রতিনিধি মাত্র দুজন আবেশ খান ও দীপক চাহার।

এই তালিকায় সবচেয়ে বেশি ক্রিকেটার নিউজিল্যান্ডের। দেশটির আটজন খেলোয়াড় ২ কোটি রুপি ভিত্তিমূল্যে নাম দিয়েছেন। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকে রয়েছেন পাঁচজন করে। এ ছাড়া আফগানিস্তানের তিনজন এবং ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার দুজন করে ক্রিকেটার আছেন।

২০২৫ সালের মেগা নিলামে অংশ নেননি স্টোকস। আন্তর্জাতিক ক্রিকেটে মনোযোগ দিতেই সেবার নিজেকে সরিয়ে রেখেছিলেন তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর আবারও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফেরার সুযোগ তৈরি হয়েছে তার সামনে।

আইপিএলে স্টোকসের অভিষেক হয় ২০১৭ সালে রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে। দুর্দান্ত পারফরম্যান্সে সেবার জেতেন আসরের এমভিপি পুরস্কার। পরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেললেও চোটের কারণে নিয়মিত হতে পারেননি। ২০২৩ সালেই আইপিএলে তার সর্বশেষ উপস্থিতি ছিল।