Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

ইনিংস হার চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে

স্পোর্টস ডেস্ক

২৪ নভেম্বর ২০২৬, ১০:৫১ পিএম

সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনে ভয়াবহ ব্যাটিং ধস দেখেছিল বাংলাদেশ। শতরানের আগে গুটিয়ে গিয়ে বল হাতেও ঘুরে দাঁড়াতে ব্যর্থ টিম টাইগার্স। দ্বিতীয় দিনেও আধিপত্য প্রোটিয়াদের। মার্কুইস অ্যাকারম্যানের দেড়শ, উইয়ান মুল্ডারের সেঞ্চুরি এবং টনি ডি জর্জি ও মার্কো জানসেনের ফিফটিতে চারশর বেশি লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এদিন বাংলাদেশের সাফল্য কেবল ৬ উইকেট।

সুপারস্পোর্ট পার্ক স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। ৩৩.৩ ওভারে ৯১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে নেমে ১১৫ ওভার ব্যাট করে ৭ উইকেটে ৪৯৪ রান করেছে দক্ষিণ আফ্রিকা। লিড দাঁড়িয়েছে ৪০৩ রান। জানসেন ৬৭ রানে এবং সিমন হার্মান শূন্যতে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।

১৭ ওভারে ১ উইকেটে ৮৮ রানে দিনে দ্বিতীয় দিনে ব্যাটে নামে দক্ষিণ আফ্রিকা। অ্যাকারম্যান ৪৬ রানে এবং জুবায়ের হামজা ৯ রানে শুরু করেন। দিনের ১৪তম ওভারে উইকেট হারায় প্রোটিয়ারা। হামজা আউট হন ২৭ রানে। দলীয় ২১৯ রানে আউট হন অ্যাকারম্যান। ১৩৮ বলে ১৫০ রান করেন। ২৫৩ রানে আউট হন ম্যাথিউ ব্রিটজকে, ২০ রান করেন।

২৯৬ রানে রায়ান রিকেলটনের উইকেট হারায় প্রোটিয়ারা। ২০ রান করেন। ৩৮৮ রানে ষষ্ঠ উইকেট হারায় তারা। টনি ডি জর্জি আউট হন ৬৬ রান করে। দলীয় ৪৯৪ রানে মুল্ডার আউট হন ১৭৮ বলে ১০০ রান করে। এরপর জানসেন ও সিমন হার্মার মিলে দিনের খেলা শেষ করেন।

এর আগে প্রথম দিনে ২৩ বলে ২১ রানে এইডেন মার্করাম আউট হন। প্রথম ইনিংসে শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ দুটি করে উইকেট নেন। তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও তাওহীদ হৃদয় নেন একটি করে উইকেট।

প্রথম ইনিংসে ব্যাটে নেমে দক্ষিণ আফ্রিকা বোলারদের তোপে পড়েন বাংলাদেশ ব্যাটাররা। কেবল তিন ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন। মাহফিজুল ইসলাম সর্বোচ্চ ২৩ রান করেন, খেলেছেন ৪০ বল। ৪২ বলে ১৯ রান করেন তাওহীদ হৃদয়। ৫১ বলে ১৮ রান করেন মুমিনুল হক। বাকিদের মধ্যে লিটন দাস করেন ৮ রান।

রাবাদা ও জানসেন নিয়েছেন ৩টি করে উইকেট। এনরিখ নর্তজে ২ উইকেট এবং উইয়ান মুল্ডার ও সিমন হার্মার নেন একটি করে উইকেট।