স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পিএম
দীর্ঘ বিতর্ক, আইনি লড়াই আর নাটকীয়তার অবসান ঘটিয়ে আফ্রিকান কাপ অব নেশন্সের (আফকন) শিরোপা ফিরে পেল সেনেগাল। কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের (সিএএস) নতুন সিদ্ধান্তে ২০২৫ আসরের চ্যাম্পিয়ন হিসেবে বহাল থাকল ‘লায়ন্স অব তেরাঙ্গা’রা। ফলে ফাইনালে মাঠের লড়াইয়ে পাওয়া ১-০ গোলের জয়ই চূড়ান্ত স্বীকৃতি পেল।
সেনেগাল ফুটবল ফেডারেশনের (এফএসএফ) করা আপিলের পরিপ্রেক্ষিতে আগের সিদ্ধান্ত বাতিল করেছে সিএএস। একই সঙ্গে আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (ক্যাফ) আপিল বোর্ডের রায়ও খারিজ করা হয়েছে। পুনর্বহাল হয়েছে ক্যাফের ডিসিপ্লিনারি বোর্ডের আগের সিদ্ধান্ত।
সিএএসের বিবৃতিতে জানানো হয়, মরক্কো ফুটবল ফেডারেশন ও ক্যাফের বিরুদ্ধে সেনেগালের করা আপিল গ্রহণ করা হয়েছে। এর ফলে আফকন ২০২৫-এর ফাইনালে পাওয়া ফলাফল অপরিবর্তিত থাকবে। অর্থাৎ ১-০ গোলের জয়ের সুবাদে সেনেগালই থাকছে আসরের চ্যাম্পিয়ন।
গত জানুয়ারিতে মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল সেনেগাল। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে পাপে গেয়ের করা গোলে জয় নিশ্চিত করে সেনেগাল।
তবে ম্যাচের শেষ দিকে ঘটে যাওয়া একটি ঘটনা ঘিরেই শুরু হয় বিতর্ক। রেফারির একটি সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে মাঠ ছেড়ে চলে যান সেনেগালের খেলোয়াড়রা। এতে প্রায় ১৭ মিনিট বন্ধ থাকে খেলা। পরে দলটি মাঠে ফিরলে মরক্কোর পক্ষে পাওয়া পেনাল্টি রুখে দেন গোলরক্ষক এদুয়ার্দ মেন্ডি। শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় সেনেগাল।
এরপর মরক্কোর অভিযোগের ভিত্তিতে মার্চে ক্যাফের আপিল বোর্ড ফাইনাল ম্যাচে সেনেগালকে পরিত্যাগকারী ঘোষণা করে এবং ৩-০ গোলে মরক্কোকে বিজয়ী দেখায়। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সিএএসে আপিল করে সেনেগাল।