Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

তারকা গোলরক্ষক ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগে ডর্টমুন্ডের মুখোমুখি আর্সেনাল

স্পোর্টস ডেস্ক

২৪ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পিএম

আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়ার কাঁধের চোট শুরুতে যতটা গুরুতর বলে আশঙ্কা করা হয়েছিল, ততটা নয় বলে জানিয়েছেন দলটির কোচ মিকেল আর্তেতা। তবে সমস্যার প্রকৃত ধরন জানতে স্প্যানিশ এই গোলরক্ষকের আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে।   

শনিবার প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে স্পষ্ট যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়েন রায়া। একটি কর্নার কিক থেকে বল ধরার পর প্রতিপক্ষ খেলোয়াড়ের সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে গিয়ে এই চোট পান তিনি।   

সোমবার রায়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানিয়ে আর্তেতা বলেন, মঙ্গলবার (২৪ নভেম্বর) ঘরের মাঠে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এই গোলরক্ষককে পাওয়া যাবে না, তবে চোটটি খুব একটা গুরুতর নয়।

এক সংবাদ সম্মেলনে আর্তেতা বলেন, আগামীকাল (মঙ্গলবার) আমাদের আরও কিছু পরীক্ষা করতে হবে, তবে এখন পর্যন্ত পাওয়া তথ্য বেশ উৎসাহব্যঞ্জক। ঘটনার পরপরই তিনি যে ধরনের ব্যথা অনুভব করছিলেন, তাতে আমরা সবাই বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। কিন্তু মনে হচ্ছে আমাদের প্রত্যাশার চেয়ে পরিস্থিতি ভালো।

আর্তেতা আরও যোগ করেন, অস্ত্রোপচারের কোনো প্রয়োজন নেই— যেটিই ছিল প্রধান ভয়ের কারণ, বিশেষ করে অস্ত্রোপচার লাগলে তাকে কয়েক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে হতো।

নিউক্যাসল স্ট্রাইকার উইলিয়াম ওসুলার সাথে আপাতদৃষ্টিতে সাধারণ সেই সংঘর্ষের পর রায়া তীব্র ব্যথা প্রায় সহ্যই করতে পারছিলেন না বলে জানান আর্সেনাল বস।

তিনি বলেন, ব্যথার তীব্রতায় তিনি যেভাবে কষ্ট পাচ্ছিলেন, তা বেশ উদ্বেগজনক ছিল। আমরা যে প্রথম পরীক্ষাটি করেছি, তাতে অনেক বেশি ইতিবাচক কিছু দেখা গেছে। আপনাদের আরও সুনির্দিষ্ট তথ্য দেওয়ার জন্য আগামীকাল আমাদের বিষয়টি পুনরায় নিশ্চিত হতে হবে।