Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

৭২০ রান করেও ম্যাচ ড্র, যে নিয়ম বদলাতে বললেন গিল

স্পোর্টস ডেস্ক

২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পিএম

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে ৭২০ রানের বিশাল সংগ্রহ গড়েছিল ভারত। তবে এত বড় সংগ্রহ গড়েও ম্যাচটি জিততে পারেনি শুবমান গিলের দল। কিউইদের নিষ্প্রাণ পিচে শেষ পর্যন্ত ড্র মেনে নিতে হয়েছে সফরকারীদের। পিচে বোলারদের জন্য তেমন কোনো সহায়তাই ছিল না। ম্যাচ ড্র হওয়ার পর ক্রিকেট বল উজ্জ্বল রাখতে লালা (থুতু) ব্যবহারের ওপর থাকা নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানিয়েছেন ভারতীয় অধিনায়ক গিল।

পাঁচ দিনের পূর্ণ খেলায় ম্যাচটিতে মাত্র ২৪টি উইকেট পড়েছে, বিপরীতে রান উঠেছে ১,৩২ৎ- যার মধ্যে নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে সর্বোচ্চ দলীয় ইনিংস হিসেবে ভারতের রেকর্ড ৭২০ রানের সংগ্রহও রয়েছে। সচরাচর গতিময় ও বাউন্সি বেসিন রিজার্ভের উইকেট দ্বিতীয় দিনের সকাল থেকেই নিচু, মন্থর ও নিষ্প্রাণ হয়ে পড়েছিল।

দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৩৯ রান তুলে ম্যাচ বাঁচানোর পর গিল বলেন, "আপনি যদি বল উজ্জ্বল করতে না পারেন বা বলের সঠিক রক্ষণাবেক্ষণ করতে না পারেন, বিশেষ করে এ ধরনের উইকেটে, তবে তা বোলারদের কাজকে ভীষণ কঠিন করে তোলে।"

তিনি আরও বলেন, "আমি সত্যিই বিশ্বাস করি যে খেলোয়াড় ও দলগুলোকে লালা ব্যবহারের অনুমতি দেওয়া উচিত। এটি কোভিডের সময় তৈরি করা একটি নিয়ম ছিল। আমার মনে হয় আমরা সেই সময় অনেক আগেই পেরিয়ে এসেছি। যদি ২৫-৩০ ওভার পরই বল নরম হয়ে যায় বা এর আকৃতি নষ্ট হয়ে যায়, আর আপনি বলের রক্ষণাবেক্ষণ ও লালা ব্যবহার করতে না পারেন, তবে কাজটা খুব কঠিন হয়ে দাঁড়ায়।"

ম্যাচে বলের আচরণ নিয়ে গিলের মূল্যায়ন যে সঠিক ছিল, তা স্বীকার করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামও।

ল্যাথাম বলেন, "সম্ভবত প্রথম দিনটি বাদ দিলে পুরো ম্যাচেই বল নরম হয়ে যাওয়ার প্রবণতা দেখা গেছে। তবে নিয়ম ও শর্তাবলির দিক থেকে, বিশেষ করে লালা ব্যবহারের বিষয়টি- বিশ্ব যা কিছুর মধ্য দিয়ে গেছে, এরপর এটি পরিবর্তন হবে কি না তা নিয়ে আমি নিশ্চিত নই। বর্তমান সময় এবং বর্তমানে যে নিয়মগুলো চালু আছে, তার মধ্যেই আপনাকে পথ খুঁজে বের করতে হবে; আমরা বলকে যতটা সম্ভব ভালো অবস্থায় রাখার জন্য কঠোর পরিশ্রম করি।"

উভয় অধিনায়কই জানান যে সাম্প্রতিক বছরগুলোতে ম্যাচ বলগুলো তুলনামূলক বেশি নরম মনে হচ্ছে, যা ফিল্ডিং দলগুলোর জন্য বলের উজ্জ্বলতা ধরে রাখা এবং সুইং আদায় করার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করছে। ওয়েলিংটনে এই সমস্যা আরও প্রকট হয়েছিল শুষ্ক উইকেটের কারণে, যা ম্যাচ গড়ানোর সাথে সাথে ভাঙেনি এবং ক্রমশ আরও মন্থর হয়ে পড়েছিল। গিল একে 'টেস্টের জন্য আদর্শ উইকেট নয়' বলে অভিহিত করেছেন, আর ল্যাথাম বলেছেন এটি 'চিরচেনা বেসিন রিজার্ভের উইকেট ছিল না'।

ক্রিকেট ওয়েলিংটনের কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপি-কে জানিয়েছেন, নিউজিল্যান্ডের শীতকালে নতুন মাঠকর্মীরা বেসিন রিজার্ভের পিচের দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু বন্যার কারণে তাদের প্রস্তুতির সময় ব্যাহত হওয়ায় এমন নিষ্প্রাণ উইকেট তৈরি হয়েছে।

সিরিজের দ্বিতীয় ও নির্ধারণী টেস্ট খেলতে ভারত ও নিউজিল্যান্ড এখন ক্রাইস্টচার্চে যাচ্ছে, যা আগামী শুক্রবার শুরু হবে। সেখানে আরও চিরচেনা সবুজ, ঘাসযুক্ত এবং পেস-সহায়ক উইকেটের প্রত্যাশা করছেন দুই অধিনায়কই।