Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

দ্বিতীয় টেস্টের দলে মুশফিক-হাসানের না থাকা নিয়ে যা বললেন সিমন্স

স্পোর্টস ডেস্ক

২২ নভেম্বর ২০২৬, ০৯:১০ পিএম

আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর মিশনে দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য- মুশফিকুর রহিম ও হাসান মাহমুদকে দলে পাচ্ছে না টাইগাররা। গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতিতে তৈরি হওয়া সুযোগ লুফে নিতে দলের অন্য সদস্যদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স।

ওয়ান্ডারার্সে সিরিজের প্রথম টেস্টের পর ছিটকে পড়া অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম এবং পেসার হাসান মাহমুদের শূন্যতা পূরণ করাটা যে বিশাল এক চ্যালেঞ্জ, তা ম্যাচের আগের দিন সংবাদমাধ্যমের সামনে স্বীকার করেছেন সিমন্স। তবে সাম্প্রতিক ইতিহাসের উদাহরণ টেনে কোচ দেখিয়েছেন যে, এই ধাক্কা সামলে ওঠার মতো গভীরতা তাঁর দলের রয়েছে।

মুশফিকের অনুপস্থিতি প্রসঙ্গে সিমন্স বলেন, "দেখুন, ১০৮টি টেস্ট ম্যাচের অভিজ্ঞতা পূরণ করাটা সবসময়ই কঠিন। তবে আমরা সবশেষ দুটি টেস্ট ম্যাচে দেখেছি, যখন আরেক সিনিয়র খেলোয়াড় মুমিনুল ছিলেন না, তখন হৃদয় (তাওহীদ) এগিয়ে এসে দায়িত্ব নিয়েছিল। তাই আমরা এভাবেই কাজ করার চেষ্টা করছি- তাঁর জায়গায় যে-ই আসুক না কেন, সে এগিয়ে আসবে এবং আমরা তার কাছে যা চাইব তা করে দেখাবে; আর এই কারণেই তারা দলে আছে। যেহেতু হাসান ছিটকে গেছে, আমাদের হাতে আরও চারজন ফাস্ট বোলার আছে, তাই কাউকে না কাউকে তার কাজের চাপটা ভাগ করে নিতে হবে।"

এ ছাড়া সেঞ্চুরিয়নে উপমহাদেশের অন্যান্য দলগুলোর ছক অনুসরণ করে বাংলাদেশকেও যে স্বয়ংক্রিয়ভাবে চার পেসারের আক্রমণ নিয়ে নামতে হবে- এমন ধারণা নাকচ করে দিয়েছেন সিমন্স। গতকাল বৃষ্টির কারণে পিচ খুব অল্প সময়ের জন্য দেখার সুযোগ পাওয়া এই কোচ জোর দিয়ে বলেছেন যে, দলের ভারসাম্যই চূড়ান্ত একাদশ নির্ধারণ করবে।

সিমন্স ব্যাখ্যা করে বলেন, "হ্যাঁ, অন্য দলগুলো এখানে এসে চারজন পেসার নিয়ে খেলে, কিন্তু সেটি তাদের দলের গঠন এবং সেই ভারসাম্যই তাদের সাহায্য করেছিল। আগামীকাল শুরু হতে যাওয়া এই টেস্ট ম্যাচে বাংলাদেশ দলকে কোন ভারসাম্যটা সাহায্য করবে, আমাদের সেটিই দেখতে হবে।"