স্পোর্টস ডেস্ক
২২ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম
ক্রিকেটের স্পিন জাদু দিয়ে একসময় প্রতিপক্ষকে নাস্তানাবুদ করা যুজবেন্দ্র চাহাল এবার নতুন মাঠে নামলেন। গতকাল শনিবার ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন তিনি। একই সঙ্গে দলের আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস (ওবিসি) মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটির বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।
দলে যোগ দেওয়ার আগে ওবিসি মোর্চার সভাপতি অমরপাল মৌর্যের সঙ্গে সাক্ষাৎ করেন চাহাল। যোগদানের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘বিজেপি পরিবারে আমাকে স্থান ও সম্মান দেওয়ার জন্য সম্মানিত প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদিজি, সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী শ্রদ্ধেয় অমিত শাহজি, বিজেপির জাতীয় সভাপতি শ্রদ্ধেয় নিতিন নবীনজি এবং ওবিসি মোর্চার জাতীয় সভাপতি শ্রদ্ধেয় অমরপাল মৌর্য জিকে আন্তরিক ধন্যবাদ জানাই।’
অমরপাল মৌর্য জানিয়েছেন, বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীনের নির্দেশে এসব নিয়োগ হয়েছে এবং তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। নতুন কমিটিতে আসামের যোগেন মোহন, ওড়িশার মমতা মোহান্ত, উত্তর প্রদেশের সঙ্গম লাল গুপ্ত ও সঙ্গীতা বলবন্ত বিন্দ, মহারাষ্ট্রের বাবানরাও রাওজি চৌধুরী, দিল্লির সত প্রকাশ রানা এবং বিহারের অর্জুন সাহনিকে জাতীয় সহ-সভাপতি করা হয়েছে।
১৯৯০ সালে জন্ম নেওয়া চাহাল সর্বশেষ ২০২৩ সালে ভারতের হয়ে খেলেছেন। অক্টোবরে লর্ডসে নর্থ্যাম্পটনশায়ারের হয়ে শেষ ম্যাচ খেলে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নেন। ক্রিকেটে আসার আগে তিনি দাবাড়ু ছিলেন। প্রথম ভারতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট নিয়েছেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে ২৫ রানে ৬ উইকেট তার সেরা পারফরম্যান্স। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স, আরসিবি, রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন। ২০২৫ মৌসুমের আগে ১৮ কোটি রুপিতে পাঞ্জাব তাকে কিনেছিল। ঘরোয়া ক্রিকেটে হরিয়ানার প্রতিনিধিত্বও করেছেন তিনি।