Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

ঘরের মাঠে ফুলহ্যামের বিপক্ষে পয়েন্ট খোয়াল ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক

২১ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম

শনিবার (২১ নভেম্বর) প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ফুলহ্যামের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। এই ড্রয়ের ফলে লিগে টানা চতুর্থ পরাজয় এড়াতে পারলেও আবারও গুরুত্বপূর্ণ পয়েন্ট হারাল সিটিজেনরা।

ম্যাচের ১৬তম মিনিটে ম্যানচেস্টার সিটির সাবেক খেলোয়াড় অস্কার ববের বাড়ানো পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে ফুলহ্যামকে এগিয়ে দেন রদ্রিগো মুনিস।

এর আট মিনিট পরই সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল স্বাগতিকরা, কিন্তু ফুলহ্যাম গোলরক্ষক বার্নড লেনোর হাত থেকে বল কেড়ে নিয়ে জালে জড়ানোর অপরাধে ভিএআর যাচাই শেষে আর্লিং হলান্ডের গোলটি বাতিল করে দেওয়া হয়।

সমতা ফেরাতে মরিয়া সিটি অবশেষে ম্যাচের ৫৭তম মিনিটে সাফল্যের দেখা পায়। নটিংহ্যাম ফরেস্ট থেকে যোগ দেওয়ার পর ক্লাবের হয়ে নিজের প্রথম লিগ গোলে ভিড়ের মধ্য দিয়ে নেওয়া দর্শনীয় এক ভলিতে বল জালে জড়ান এলিয়ট অ্যান্ডারসন।

ম্যাচের বাকি সময়ে উভয় দলই পূর্ণ তিন পয়েন্ট তুলে নেওয়ার সুযোগ পেয়েছিল। গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা মুনিসের একটি প্রচেষ্টা রুখে দিলে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুদল। এই ড্রয়ের মাধ্যমে ম্যানচেস্টার সিটির বিপক্ষে টানা ২০ ম্যাচ হারের বৃত্ত ভাঙল ফুলহ্যাম।

এই ফলাফলের পর পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানেই রইল ম্যানচেস্টার সিটি, যারা বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনালের চেয়ে ৫ পয়েন্টে পিছিয়ে রয়েছে। শনিবার রাতের পরের ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে জিততে পারলে শীর্ষে থাকা আর্সেনাল ৮ পয়েন্টের লিড নিয়ে নেবে।