স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পিএম
ইতিহাদ স্টেডিয়ামের ডাগআউট ছাড়ার পর কোচিং থেকে বিরতিতে থাকা পেপ গার্দিওলার সময়টা বেশ ফুরফুরে কাটছে। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়ে আপাতত ভ্রমণেই মন দিয়েছেন এই স্প্যানিশ মাস্টারমাইন্ড। আর সেই সফরের একটি বিশেষ মুহূর্ত ম্যানচেস্টার সিটির সমর্থকদের পুরোনো দিনের সোনালি স্মৃতি ফিরিয়ে দিয়েছে।
সম্প্রতি ব্রাজিলে গিয়ে ম্যানসিটির সাবেক অধিনায়ক ও তার প্রিয় শিষ্য ফার্নান্দিনহোর সঙ্গে দেখা করেছেন গার্দিওলা। সিটির মালিকানাধীন ক্লাব বাহিয়ার খেলা দেখতে প্রধান নির্বাহী ফেরান সোরিয়ানোর সঙ্গে ব্রাজিল সফরে যান তিনি।
সেখানেই এক অফিসে হাস্যোজ্জ্বল অবস্থায় দুজনের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে ফার্নান্দিনহো ক্যাপশনে লেখেন, 'তোমাকে এখানে ব্রাজিলে পেয়ে খুব ভালো লাগছে, পেপ।'
সিটি ফুটবল গ্রুপের উপদেষ্টা ও শুভেচ্ছাদূত হিসেবে কাজ করা গার্দিওলার সঙ্গে ফার্নান্দিনহোর রসায়ন ছিল দারুণ। ২০১৬ সালে গার্দিওলা সিটির দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার দলের অপরিহার্য অংশ হয়ে ওঠেন। ২০১৭-১৮ মৌসুমে সিটির ঐতিহাসিক ১০০ পয়েন্ট অর্জনের পেছনে রক্ষণভাগের সামনে ঢাল হিসেবে কাজ করেছিলেন তিনি।
এছাড়া লিভারপুলকে ১ পয়েন্টে পেছনে ফেলে শিরোপা জেতা ও পিএফএ বর্ষসেরা দলে জায়গা করে নেওয়া ছাড়াও ২০২০ সালে ডেভিড সিলভার বিদায়ের পর সিটির অধিনায়কের আর্মব্যান্ডও উঠেছিল তার হাতে।
২০২২ সালে স্বদেশী ক্লাব অ্যাথলেটিকো পারানায়েনসে ফেরার আগে সিটির জার্সিতে পাঁচটি প্রিমিয়ার লিগ শিরোপা জেতেন ফার্নান্দিনহো। খেলোয়াড়ি জীবনকে বিদায় জানানো এই তারকার সঙ্গে গার্দিওলার অটুট বন্ধন দেখে ফুটবল বিশ্লেষকদের ধারণা, ভবিষ্যতে ডাগআউটেও হয়তো এই গুরু-শিষ্য জুটিকে আবার একসঙ্গে দেখা যেতে পারে।