স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০২৬, ১১:৩৬ এএম
দক্ষিণ আটলান্টিকের ছোট্ট ফকল্যান্ড দ্বীপপুঞ্জে ক্রিকেটের নতুন অধ্যায় শুরু হয়েছে। আইসিসির সবচেয়ে ছোট সদস্য হিসেবে নিজেদের মাটিতে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছে তারা। কোস্টারিকার বিপক্ষে আট ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৬-২ ব্যবধানে জয় তুলে নিয়ে স্মরণীয় করেছে এই অভিষেক।
রাজধানী স্ট্যানলির প্লাটিনাম ওভালে অনুষ্ঠিত সিরিজ শুধু ক্রিকেটের সাফল্য নয়, দ্বীপটিতে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার স্বীকৃত কোনো প্রতিযোগিতা আয়োজনের প্রথম অভিজ্ঞতাও। অল্প জনসংখ্যা, সীমিত যোগাযোগ ও প্রতিকূল আবহাওয়া পেরিয়ে এমন আয়োজনকে বড় অর্জন মানছে স্থানীয় কর্তৃপক্ষ।
অধিনায়ক, কোচ ও ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব সিসিল আলেকজান্ডার আইসিসিকে বলেছেন, ‘কোনো আয়োজনের পরিকল্পনা করতে আমাদের এক বছরেরও বেশি সময় লাগে। শুধু ফ্লাইট নয়, খেলোয়াড়দের ছুটি, অর্থের ব্যবস্থাসহ সব বিষয়েই ভাবতে হয়।’
দ্বীপটিতে ক্রিকেটের শিকড় পুরোনো। ১৯২০ ও ১৯৩০-এর দশকে স্থানীয় দলগুলো জাহাজের নাবিকদের সঙ্গে খেলত। ২০০১ সালে গঠিত হয় ফকল্যান্ড আইল্যান্ডস ক্রিকেট অ্যাসোসিয়েশন। ২০০৭ সালে আইসিসির সদস্যপদ পায় তারা।
রাজনৈতিকভাবেও পরিচিত এই দ্বীপ। ব্রিটিশদের কাছে ফকল্যান্ডস, আর্জেন্টাইনদের কাছে মালভিনাস। সার্বভৌমত্ব নিয়ে দুই দেশের দীর্ঘ বিরোধ রয়েছে, ১৯৮২ সালে যুদ্ধও হয়েছিল।
যোগাযোগের চ্যালেঞ্জও বড়। সপ্তাহে মাত্র একটি বাণিজ্যিক ফ্লাইট চলে চিলির সান্তিয়াগো থেকে। আবহাওয়াও সবসময় অনুকূল নয়। অক্টোবরের শেষ থেকে মার্চ পর্যন্ত সাধারণত খেলার পরিবেশ থাকে। এত বাধা সত্ত্বেও আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করে নতুন সম্ভাবনা খুলেছে ফকল্যান্ড।