Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

তারকা ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে বাংলাদেশ সিরিজের দল ঘোষণা প্রোটিয়াদের

স্পোর্টস ডেস্ক

২০ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পিএম

আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিতব্য ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য শুক্রবার (২০ নভেম্বর) দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার লুঙ্গি এনগিডি এবং দীর্ঘদিন পর ওয়ানডে দলে ডাক পেয়েছেন আরেক গতি তারকা আনরিখ নরকিয়া।

২০২৩ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার পর এই প্রথম ৫০ ওভারের ক্রিকেটে ফিরলেন নরকিয়া। এনগিডিও জায়গা পেয়েছেন ওয়ানডে স্কোয়াডে। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার সিনেথেম্বা কেশিলে।

আগামী ১ থেকে ৭ ডিসেম্বর অনুষ্ঠিতব্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন স্পিনার কেশব মহারাজ। আর ১০ থেকে ১৩ ডিসেম্বর নির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রোটিয়াদের অধিনায়কত্ব করবেন বিওর্ন ফরচুন।   

প্রোটিয়া প্রধান কোচ শুকরি কনরাড জানিয়েছেন, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিপক্ষে ব্যস্ত টেস্ট সূচির পর সব ফরম্যাটে খেলা ক্রিকেটারদের কাজের চাপ (ওয়ার্কলোড) সামলাতেই এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী বছরের আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপের আগে দলের কম্বিনেশন যাচাই করার সুযোগ হিসেবেও এই ম্যাচগুলোকে কাজে লাগাবে দল।

কনরাড বলেন, "ইংল্যান্ড সফরের আগে খেলোয়াড়দের কাজের চাপ সামলাতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিপক্ষে ব্যস্ত টেস্ট ক্রিকেটের পর আমরা আমাদের একাধিক ফরম্যাটে খেলা বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"

বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার স্কোয়াড

ওয়ানডে দল: কেশব মহারাজ (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, করবিন বশ, জেরাল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিওর্ন ফরচুইন, জর্ডান হারম্যান, দুয়ান ইয়ানসেন, এনকোবানি মোকোয়েনা, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, আনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি, সিনেথেম্বা কেশিলে এবং ট্রিস্টান স্টাবস।

টি-টোয়েন্টি দল: বিওর্ন ফরচুইন (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েৎজি, কনর এস্টারহুইজেন, ডোনোভান ফেরেইরা, জর্ডান হারম্যান, দুয়ান ইয়ানসেন, কোয়েনা মাফাকা, এনকোবানি মোকোয়েনা, এনকাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে, ট্রিস্টান স্টাবস এবং প্রেনেলান সুব্রায়েন।