স্পোর্টস ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পিএম
ইনিংস পরাজয়ের শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বাংলাদেশ। তবে পঞ্চম দিনের সকালে সেই লড়াই দীর্ঘ করতে পারেননি ব্যাটাররা। দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হারমারের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৮ রানে গুটিয়ে গেছে টাইগাররা। ফলে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়িয়েছে মাত্র ১২ রান।
দিনের শুরুতে বাংলাদেশের আশা ছিল অভিজ্ঞ দুই ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাসকে ঘিরে। কিন্তু দলকে বড় সংগ্রহের পথে নিতে পারেননি তারা। কাগিসো রাবাদার বলে ব্যাটের ভেতরের কানায় লেগে বোল্ড হন লিটন। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা এই ব্যাটার দ্বিতীয় ইনিংসে করেন ৩৯ রান।
এরপর দ্রুতই সাজঘরে ফেরেন মুশফিক। হারমারের বলে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে গ্লাভস ও প্যাডে লেগে ক্যাচ দেন তিনি। রিভিউয়ের পর আম্পায়ার আউট ঘোষণা করেন তাকে।
অধিনায়ক মেহেদী হাসান মিরাজও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৫ রান করে স্টাম্পিংয়ের শিকার হন তিনি। পরে হারমারের স্পিনে বিভ্রান্ত হয়ে ২ রান করে ফেরেন হাসান মাহমুদ। এই উইকেটের মধ্য দিয়ে ফাইফার পূর্ণ করেন দক্ষিণ আফ্রিকার এই স্পিনার।
শেষ পর্যন্ত এবাদত হোসেনের গোল্ডেন ডাকের মধ্য দিয়ে ১৬৮ রানেই শেষ হয় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। হারমার একাই নেন ৬ উইকেট। ইনিংস হার এড়ালেও দক্ষিণ আফ্রিকাকে জয়ের জন্য মাত্র ১২ রানের লক্ষ্য দিতে পেরেছে বাংলাদেশ।