Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

ব্রাজিলকে পেছনে ফেলে ইতিহাস মরক্কোর, আর্জেন্টিনা কোথায়

স্পোর্টস ডেস্ক

১৯ নভেম্বর ২০২৬, ০১:০৬ পিএম

বিশ্ব ফুটবলের শক্তির লড়াইয়ে নতুন ইতিহাস গড়েছে মরক্কো। একসময় যারা ছিল বিশ্ব ফুটবলের উদীয়মান শক্তি, তারাই এবার জায়গা করে নিয়েছে র‍্যাঙ্কিংয়ের সেরা পাঁচে। পেছনে ফেলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও পর্তুগালকে। অন্যদিকে শীর্ষস্থান ধরে রেখে নিজেদের আধিপত্য বজায় রেখেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।

১৮ নভেম্বর প্রকাশিত ফিফার সর্বশেষ পুরুষদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। তিন ও চারে আছে যথাক্রমে ফ্রান্স ও ইংল্যান্ড। শীর্ষ চার দলের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।

তবে এবারের তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় মরক্কো। দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে আফ্রিকার দলটি। ১৯৯৩ সালে ফিফা র‍্যাঙ্কিং চালুর পর এটাই মরক্কোর সর্বোচ্চ অবস্থান। ২০২৭ আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে নাইজারের বিপক্ষে টানা দুই জয়ের সুবাদে এই উন্নতি হয়েছে তাদের।

মরক্কোর উত্থানে এক ধাপ করে পিছিয়েছে পর্তুগাল ও ব্রাজিল। পর্তুগাল ষষ্ঠ এবং ব্রাজিল রয়েছে সপ্তম স্থানে। শীর্ষ দশের বাকি অবস্থানগুলোতে আছে বেলজিয়াম, নেদারল্যান্ডস ও কলম্বিয়া। এক ধাপ এগিয়ে দশে উঠেছে কলম্বিয়া। তিন ধাপ পিছিয়ে মেক্সিকোর অবস্থান এখন ১৩তম।

এদিকে ইংল্যান্ডের কাছে ৩-২ গোলে হেরে স্পেনের টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডের অবসান হয়েছে। তবে সেই হারেও র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারায়নি দলটি।

এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে জাপান। তাদের অবস্থান ১৭তম। এদিকে সর্বশেষ প্রকাশিত ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই ১৮২তম স্থানে রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।