Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

হঠাৎ বাংলাদেশের প্রসঙ্গ কেন টানলেন শচীন টেন্ডুলকার

স্পোর্টস ডেস্ক

১৯ নভেম্বর ২০২৬, ১২:৪১ পিএম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১৯ মৌসুমের দীর্ঘ ও সোনালি অধ্যায়ের সমাপ্তি টানলেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংসের এই মহাতারকার বিদায়ের ঘোষণায় আবেগে ভাসছে ক্রিকেট বিশ্ব। প্রিয় সতীর্থের অবসরের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃদয়ছোঁয়া এক বার্তা দিয়েছেন ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার, যেখানে উঠে এসেছে ২০০৪ সালের বাংলাদেশ সফরের পুরোনো স্মৃতি।

আইপিএল ২০২৭-এর খেলোয়াড় ধরে রাখার সময়সীমা শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে মঙ্গলবার চেন্নাই সুপার কিংস জানায়, ৪৫ বছর বয়সী ধোনি আর মাঠে নামছেন না; বরং দলটির মেন্টর হিসেবে নতুন যাত্রা শুরু করবেন।

ধোনির বিদায়ে শচীন স্মরণ করেছেন প্রায় দুই দশক আগের সেই বাংলাদেশ সফরকে, যেখানে প্রথমবার ধোনির ব্যাটিং তাণ্ডব দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি।

শচীন লেখেন, ‘বাংলাদেশে এমএসের ব্যাটিং দেখার কথা এখনো আমার মনে আছে। তখন সৌরভকে বলেছিলাম, ওর পাওয়ার-হিটিংয়ে বিশেষ কিছু আছে। দেখেই বোঝা যেত ওর মধ্যে বিরল এক প্রতিভা রয়েছে। এরপর কী অসাধারণ এক ক্যারিয়ার সে কাটাল!’

জাতীয় দলের ড্রেসিংরুমে একসঙ্গে কাটানো সময়ের কথা তুলে ধরে শচীন আরও লেখেন, ‘তোমার সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়া এবং ভারতীয় ক্রিকেটের সবচেয়ে স্মরণীয় কিছু মুহূর্তের অংশ হতে পারাটা সত্যিই আনন্দের ছিল। আমি সবসময় বিশ্বাস করতাম তুমি বিশেষ কিছু করবে, আর তুমি তার চেয়েও অনেক বেশি কিছু অর্জন করেছ। ভারতীয় ক্রিকেটকে তুমি তোমার সেরাটা দিয়েছ এবং তোমার সঙ্গে এই যাত্রার সঙ্গী হতে পারাটা দারুণ ছিল। ওয়েল প্লেড, এমএস!’

২০০৪ সালের ডিসেম্বরে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন ধোনি। অভিষেকে শূন্য রানে ফিরলেও সেই সফরে ঢাকা ও চট্টগ্রামের ম্যাচে তাঁর ব্যাটিংয়ের ধরন নজর কেড়েছিল শচীন ও তৎকালীন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর। পরবর্তীতে ২০০৮ সালে আইপিএলের প্রথম নিলামে রেকর্ড ১.৫ মিলিয়ন ডলারে তাঁকে দলে নেয় চেন্নাই, আর সেখান থেকেই শুরু হয় এক অনন্য রূপকথা।